Image description
 

মার্কিন সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্বজুড়ে আমদানিকৃত পণ্যের ওপর শুল্কের হার আরও ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে আরোপ করা আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে।

এর আগে গতকাল শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ট্রাম্পের জরুরি অবস্থার দোহাই দিয়ে আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই রায়কে হাস্যকর ও আমেরিকা-বিরোধী হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, বহু দেশ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে ‘লুট’ করছে এবং তাঁর আগে কেউ এর প্রতিবাদ করেনি।

  

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি অবিলম্বে এই শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে আইনত অনুমোদিত ১৫ শতাংশে উন্নীত করব।’ তাঁর দাবি, এই নতুন শুল্ক হবে আইনত পরীক্ষিত। ট্রাম্প প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে নতুন এবং আইনগতভাবে বৈধ এই শুল্কের তালিকা চূড়ান্ত করবে বলেও জানান তিনি।

  

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তাঁর এই পদক্ষেপ ‘মেকিং আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা আমেরিকাকে আবারও মহান করার সফল প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে। তাঁর মতে, আগের শুল্ক বাতিল করার যে রায় আদালত দিয়েছেন, তা দীর্ঘ পর্যবেক্ষণের পর একটি ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হবে।