অধিকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। সোমবার সন্ধ্যায় মসজিদের আঙিনা থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের কঠোর পদক্ষেপ জোরদারের প্রেক্ষাপটেই এই গ্রেপ্তার। ইমাম ও খতিবদের ওপর বিধিনিষেধ, মুসল্লিদের প্রবেশে সীমাবদ্ধতা এবং ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের বারবার মসজিদ প্রাঙ্গণে প্রবেশ—এসবের মধ্যেই এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এই গ্রেপ্তারের নিন্দা জানায়। সংগঠনটি জানায়, শেখ আল-আব্বাসিকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা সংবলিত আদেশও দেওয়া হয়েছে। তাদের দাবি, এটি আল-আকসার বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ এবং মসজিদের ইমামদের ওপর অগ্রহণযোগ্য আঘাত।
হামাস আরও অভিযোগ করে, আল-আকসা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা, মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়া, রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ব্যাহত করা এবং বসতি স্থাপনকারীদের অভিযান জোরদার করা—এসব পদক্ষেপ দখলদার সরকারের পরিকল্পিত তৎপরতার অংশ। এর মাধ্যমে মসজিদের নিয়ন্ত্রণ নেওয়া, এর ইসলামি পরিচয় বদলে দেওয়া এবং ইবাদতের স্বাধীনতা সীমিত করার চেষ্টা চলছে বলে দাবি সংগঠনটির।
সংগঠনটি জেরুজালেম, পশ্চিম তীর ও ১৯৪৮ সালের ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনিদের আল-আকসায় অবস্থান জোরদার এবং মসজিদের পরিচয় রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা এবং আরব ও মুসলিম দেশগুলোর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অধিকৃত জেরুজালেমের পুরোনো শহর ও আল-আকসা মসজিদ এলাকায় সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও ফিলিস্তিনি কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও নিষেধাজ্ঞা আরোপসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।