ইসরায়েলের সেনাবাহিনীতে কর্মরত ৫০ হাজারের বেশি সদস্যের অন্তত একটি করে বিদেশি নাগরিকত্ব রয়েছে বলে সরকারি উপাত্তের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মার্কিন নাগরিকত্বধারী সেনা। তথ্য অধিকার আইনে আবেদনের পর প্রকাশিত এ পরিসংখ্যানকে ইসরায়েলি সামরিক সদস্যদের বিদেশি নাগরিকত্ব নিয়ে প্রথম বিস্তারিত প্রকাশ্য তথ্য হিসেবে দেখা হচ্ছে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ইসরায়েলের ৫০ হাজারের বেশি সামরিক সদস্যের অন্তত একটি করে বিদেশি নাগরিকত্ব রয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক ইয়েদিওথ আহরোনথ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি এ তথ্য তুলে ধরে। সরকারি সামরিক উপাত্তের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বচ্ছতা–সংক্রান্ত সংগঠন হাত্সলাখা তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার পর সেনাবাহিনী এই তথ্য প্রকাশ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সামরিক উপাত্ত অনুযায়ী, ৫০ হাজার ৬৩২ জন সেনাসদস্যের ইসরায়েলি নাগরিকত্বের পাশাপাশি বিদেশি নাগরিকত্ব রয়েছে। এর মধ্যে ১২ হাজার ১৩৫ জনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। এরপর রয়েছে ৬ হাজার ১২৭ জন ফরাসি নাগরিক এবং ৫ হাজারের বেশি রুশ নাগরিকত্বধারী সেনাসদস্য।
তথ্য অনুযায়ী, ৩ হাজারের বেশি সেনার জার্মান নাগরিকত্ব রয়েছে এবং প্রায় সমসংখ্যক ইউক্রেনের নাগরিকত্বধারী। এক হাজারের বেশি করে সেনার ব্রিটিশ, রোমানীয়, পোলিশ, ইথিওপীয় ও কানাডীয় নাগরিকত্ব রয়েছে। বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ হাজার ৪৪০ জন সেনার ইসরায়েলি নাগরিকত্বের পাশাপাশি দুটি বিদেশি নাগরিকত্ব রয়েছে। আর ১৬২ জনের রয়েছে তিনটি বিদেশি নাগরিকত্ব।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মার্চে প্রায় এক বছর আগে এই তথ্য চাওয়া হয়েছিল। এটিকে ইসরায়েলি সামরিক সদস্যদের বিদেশি নাগরিকত্ব নিয়ে প্রথম বিস্তারিত প্রকাশ্য পরিসংখ্যান হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে উপাত্তগুলো সক্রিয় দায়িত্বে থাকা সেনা, রিজার্ভ সদস্য নাকি উভয় অংশকেই অন্তর্ভুক্ত করে করা হয়েছে—সে বিষয়ে সেনাবাহিনী স্পষ্ট করেনি।
ইসরায়েলি গণমাধ্যমের হিসাবে, দেশটির সক্রিয় দায়িত্বে থাকা সেনাসংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার। নিবন্ধিত রিজার্ভ সদস্যের সংখ্যা প্রায় ৪ লাখ থেকে ৪ লাখ ৬০ হাজারের মধ্যে।