Image description
 

নয়া দিল্লির সঙ্গে অন্তর্বর্তীকালীন বাণিজ্য সমঝোতার কথা জানাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের যে মানচিত্র প্রকাশ করেছে তাতে পুরো কাশ্মীরকেই ভারতের অন্তর্গত দেখানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এক্সে মার্কিন বাণিজ্য দূতের কার্যালয়ের পোস্টে ভারতের যে মানচিত্র দেওয়া হয়েছে তাতে ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর তো বটেই এমনকি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও স্থান পেয়েছে।

একই মানচিত্রে চীনের দখলে থাকা কাশ্মীরের অংশ ‘আকসাই চীনও’ রয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার। তবে ভারতের অন্যসব গণমাধ্যমে কেবল পাকিস্তান নিয়ন্ত্রিত ‘আজাদ কাশ্মীরের’ অংশই প্রাধান্য পেয়েছে।

এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন কাশ্মীর ইস্যুতে কার্যত ভারতের দাবিই মেনে নিল বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। এর আগে যুক্তরাষ্ট্র প্রশাসন ভারতের যত মানচিত্র প্রকাশ করেছিল তাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিল না, এবারই প্রথম এমনটা হয়েছে বলেও ভাষ্য তাদের।

একাধিক মার্কিন পণ্যের ভারতে ঢুকতে শুল্ক কমছে, এমনটা জানাতে গিয়ে ওই মানচিত্রসহ পোস্ট দেয় মার্কিন বাণিজ্য দূতের কার্যালয়। তাতে বলা হয়, কাঠবাদাম থেকে শুরু করে অসংখ্য পণ্য ভারতে নতুন বাজার পেতে যাচ্ছে।
শীর্ষনিউজ