রাশিয়ায় এক স্ট্যান্ড-আপ কমেডিয়ানকে বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে প্রায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার দেশটির একটি আদালত এই রায় দেন।
আদালতের আদেশ অনুযায়ী, কমেডিয়ান ওস্তানিনকে পাঁচ বছর ৯ মাসের কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ রুবল জরিমানা করা হয়েছে, যা প্রায় ৩ হাজার ৯০০ ডলারের সমান। ইউক্রেনে যুদ্ধাহত এক রুশ সৈনিককে নিয়ে করা তার কৌতুক নিয়ে রুশ জাতীয়তাবাদী ও সামরিক ব্লগারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর তাকে গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়া শুরু করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই কৌতুকে মাইন বিস্ফোরণে দুই পা হারানো এক দরিদ্র রুশ সৈনিককে নিয়ে রসিকতা করা হয়েছিল। সৈনিকটি বর্তমানে স্কেটবোর্ডের সাহায্যে চলাচল করেন। মস্কোর একটি আন্ডারপাসে ওই ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওস্তানিন রসিকতাটি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ছাড়া যীশু খ্রিষ্টকে নিয়ে আপত্তিকর কৌতুক করার অভিযোগেও আদালত ওস্তানিনকে দোষী সাব্যস্ত করেছেন। ওই মন্তব্যকে খ্রিষ্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখা হয়। এতে রুশ অর্থোডক্স জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
বিচার চলাকালে ওস্তানিন দাবি করেন, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক অবস্থায় যে আচরণের শিকার হতে হয়েছে, সেটিই তার জন্য যথেষ্ট শাস্তি।
২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়া কঠোর সেন্সরশিপ আইন প্রণয়ন করে। সেই আইনের আওতায় সেনাবাহিনী বা যুদ্ধ নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টিতে ‘অশালীন’ বা ‘ভ্রান্ত’ মন্তব্যের অভিযোগে বহু ব্যক্তি ও শিল্পী কঠোর শাস্তির মুখে পড়েছেন। বিরোধী মহলের মতে, ওস্তানিনের সাজাও সেই দমননীতিরই অংশ।