গেম খেলা নিয়ে ভারতের উত্তর প্রদেশে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এতে ১০ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে একসঙ্গে আত্মহত্যা করেছে তিন বোন। তাদের বয়স ১২, ১৪ ও ১৬ বছর। এই তিন বোন অনলাইন গেমসে ভয়াবহভাবে আসক্ত হয়ে পড়ে। এতে বাধা দেন পিতামাতা। ফলে তারা অভিমানে আত্মহত্যার পথ বেছে নেয়।
এ খবর দিয়ে অনলাইন আনন্দবাজার পত্রিকা বলছে, মঙ্গলবার রাত দু’টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন বোনের। করোনা মহামারির সময় থেকেই মোবাইলে গেমের প্রতি ঝোঁক বাড়তে থাকে তাদের। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন গেমের প্রতি আসক্তিও বৃদ্ধি পায় তিন বোনের। এমনকি মাঝেমধ্যে স্কুলে না গিয়ে গেম খেলতে বসে যেত তিনজনই। মেয়েদের অনলাইন গেমের প্রতি এমন আসক্তি পছন্দ ছিল না পিতামাতার। সারাক্ষণ তারা মোবাইলে মুখ গুঁজে গেম খেলতো। তা নিয়ে প্রায়শই বাকবিতণ্ডাও চলত। মঙ্গলবার রাতেও গেম খেলা নিয়ে অশান্তি বাধে বাড়িতে। পিতামাতা গেম খেলতে দিচ্ছিলেন না তাদেরকে। এর পরেই তিন বোন একসঙ্গে আবাসনের ১০তলা থেকে ঝাঁপ দেয়। ঘটনার খবর পেয়ে রাতেই গাজিয়াবাদের লোনি এলাকার ওই আবাসনে পৌঁছে যায় টিলা মোড় থানার পুলিশ।
দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ওই নাবালিকাদের পরিবার এবং আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন কর্মকর্তারা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব বলে মনে করছেন তারা। সম্প্রতি অনলাইনে একটি টাস্ক-বেস্ড গেম (যেসব গেম খেলার সময়ে গেমের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতে হয় এবং তার ভিত্তিতে লেভেল বৃদ্ধি পায়)-এর প্রতি আসক্ত হয়ে পড়ে ওই তিন বোন। ওই গেম খেলা নিয়েই পিতামাতার সঙ্গে তাদের ঝামেলা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পিতামাতার বকাবকি এবং গেম খেলায় আপত্তির কারণেই তিন বোন এই চরম সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।