সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন, যার আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনা হবে। এর বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং বাণিজ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য বাধা কমাবে।
এই ঘোষণা আসে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ফোনালাপের পর। ট্রাম্প জানান, এখন থেকে ভারত যুক্তরাষ্ট্র ও সম্ভব হলে ভেনেজুয়েলা থেকেও তেল কিনবে।
হোয়াইট হাউস সূত্রে জানানো হয়, রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রতিক্রিয়ায় ভারতের ওপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তা তুলে নেওয়া হবে। এর সঙ্গে যুক্ত ছিল ‘পাল্টা’ ২৫ শতাংশ শুল্কও।
এই চুক্তির খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত ভারতীয় কোম্পানির শেয়ারে ইতিবাচক প্রভাব পড়ে। ইনফোসিসের শেয়ার ৪ দশমিক ৩ শতাংশ, উইপ্রোর ৬ দশমিক ৮ শতাংশ, এইচডিএফসি ব্যাংকের ৪ দশমিক ৪ শতাংশ এবং এমএসসিআই ইন্ডিয়া এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড ৩ শতাংশ বাড়ে।
মোদির ভাষায়, ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপর শুল্ক হ্রাস হওয়ায় তিনি আনন্দিত। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘১.৪ বিলিয়ন ভারতীয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে এই দারুণ ঘোষণার জন্য ধন্যবাদ জানাই।’
ট্রাম্প জানান, ভারত যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য কিনবে।
তিনি আরও বলেন, ভারত শুল্ক ও অশুল্ক বাধা ‘শূন্য’ করার পথে এগিয়ে যাবে।
তবে হোয়াইট হাউস এখনো এই চুক্তি কার্যকরের জন্য প্রয়োজনীয় ঘোষণা বা নথি প্রকাশ করেনি। চুক্তির বিস্তারিত যেমন—শুল্ক কমানোর তারিখ, রুশ তেল কেনা বন্ধের সময়সীমা—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।