Image description

সহিংসতার বদলে সংলাপ আর ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিয়ে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করার আহ্বান জানিয়েছেন শাহরুখ খান। গত শনিবার মুম্বাইয়ে আয়োজিত গ্লোবাল পিস অনার্স অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি শান্তির এই বার্তা দেন। তাঁর মতে, ‘শান্তি কেবল কোনো অনুভূতি নয়; এটি এমন এক সিদ্ধান্ত ও প্রতিশ্রুতি, যা প্রতিদিন আমাদের সবাইকে পূরণ করতে হবে।’

অনুষ্ঠানে নিজের ছেলের সঙ্গে হওয়া একটি কথোপকথনের স্মৃতিচারণা করে বক্তব্য শুরু করেন শাহরুখ। তিনি বলেন, ‘একদিন আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়া যায়? আমি তাকে বলেছিলাম, বিষয়টি খুবই সহজ। আমরা সবাই যদি সহিংসতার বদলে সংলাপ আর ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিই এবং সম্প্রীতির সঙ্গে একত্রে বসবাস করি, তবে ভালোবাসার জয় হবেই।’

শান্তির সূচনা মানুষের নিজের ভেতর থেকেই হয় বলে মনে করেন শাহরুখ। তাঁর ভাষায়, ‘শান্তির শুরুটা হয় খুব ছোট একটি জায়গা থেকে, আমাদের নিজেদের ভেতর থেকে, আমাদের হৃদয় থেকে। শান্তি একটি সিদ্ধান্ত, একটি দায়িত্ব এবং এমন এক প্রতিশ্রুতি, যা প্রতিদিন আমাদের পালন করতে হবে।’ এ সময় সাধারণ মানুষের সম্মিলিত শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষের শক্তিকে কখনো ভুলে গেলে চলবে না। আমরা সবাই সাধারণ মানুষ, আর আমাদের সবাইকে একসঙ্গে এগোতে হবে।’

মানুষে মানুষে পারস্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্ব দিয়ে শাহরুখ উপস্থিত সবার প্রতি একটি ছোট প্রতিজ্ঞা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘চলুন, আজ আমরা একটি ছোট প্রতিজ্ঞা করি। আমাদের সব বিষয়ে একমত হতে হবে না, কিন্তু প্রতিটি মানুষের গল্প বোঝার চেষ্টা করতে হবে। আমরা হয়তো জীবনে অনেক বোকামি করি, কিন্তু আমাদের আচরণে যেন অন্য কেউ কোনো সমস্যায় বা কষ্টে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

বক্তব্যে মুম্বাইয়ের ২৬/১১ হামলা, পেহেলগামসহ বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা জানান শাহরুখ খান। পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যাঁরা প্রাণ উৎসর্গ করেছেন, সেসব সাহসী নিরাপত্তাকর্মীর প্রতি স্যালুট জানান তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবিসের নেতৃত্বাধীন দিব্যজ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, অভিনেতা জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, রণবীর সিং প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি।