কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধকে সামরিক দিক থেকে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সাথে তিনি জানিয়েছেন, আপাতত পরিস্থিতি আগের অবস্থায় রাখা হবে। তাঁর এই বক্তব্যের পর ইরানি কর্মকর্তারা একে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন।
আল জাজিরা মঙ্গলবার (১০ নভেম্বর) জানায়, সোমবার ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আস সানির সাথে বৈঠকের পর হোয়াইট হাউসে এক আকস্মিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। তিনি আবারো দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তবে তাঁর বক্তব্যে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধের চাপের ইঙ্গিতও পাওয়া গেছে।
ট্রাম্প বলেন, ‘সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। আমরা শুধু পরিস্থিতি আগের অবস্থায় রাখছি। মূলত ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই আমরা তা করছি।’
বৈঠকটি হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেন শেখ মোহাম্মদ। তিনি লেখেন, ‘আমরা আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেয়ার উপায় নিয়ে কথা বলেছি। একটি সমঝোতায় পৌঁছানো এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য কৃতজ্ঞ।’
তবে ট্রাম্পের কথিত ‘আগের অবস্থায় ফিরে যাওয়া’র অর্থ হচ্ছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখা। একই সাথে স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধ করতে সম্প্রতি ঘোষিত ‘টাস্কফোর্স আয়রন গেট’-এর কার্যক্রমও চলবে।
ট্রাম্প বলেন, ‘কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্য দেশগুলো চায় পরিস্থিতি এভাবেই থাকুক। অর্থাৎ আমাদের দেশের ইতিহাসে, সম্ভবত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধ অব্যাহত থাকুক।’
প্রয়োজনে আবারো সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো পদক্ষেপের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
তিনি আরো বলেন, ‘ইরানের বিপদ ও হুমকি থেকে ইসরাইল এবং পুরো মধ্যপ্রাচ্য এখন সুরক্ষিত। এই সংঘাতের অবসানের দিকে অগ্রগতি হচ্ছে। আমার মনে হয়, খুব শিগগিরই যুদ্ধ শেষ হবে।’
তবে ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন ইরানি কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ এরই মধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। অথচ ওয়াশিংটন মরিয়া জুয়াড়ির মতো ছটফট করছে। বাজি গুটিয়ে নিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।’
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। ইরানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পেজেশকিয়ান আরো বলেন, আলোচনায় বসতে ইরানের আপত্তি নেই। তবে জোরজবরদস্তি করে কোনো সমঝোতায় বাধ্য করা যাবে না। তাঁর কথায়, ‘আমরা শক্তি প্রয়োগ ও দাদাগিরির কাছে আত্মসমর্পণ করব না।’
২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর সংঘাত আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। একই সাথে আন্তর্জাতিক বাণিজ্যেও দেখা দেয় অস্থিরতা। যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরু করার প্রায় সাথে সাথেই তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্যের পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।
এরই মধ্যে সংঘাতের বিস্তার ঘটেছে অন্য ক্ষেত্রেও। ইরানের সমর্থনপুষ্ট হাউছিদের বিরুদ্ধে সৌদি আরব আবারো লড়াই শুরু করেছে। ইসরাইল দক্ষিণ লেবাননে দখলদারি শুরু করার পাশাপাশি সেখানে প্রাণঘাতী বিমান হামলাও চালিয়েছে।
যুদ্ধ শুরুর প্রায় নয় মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অনিয়মিত হয়ে পড়েছে। মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানের কেশম দ্বীপে ‘সীমিত হামলা’র ঘোষণা দিয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি, এর স্থাপনা, সরঞ্জাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য দিতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।
২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু এরপর থেকে চলমান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার কথা বলে আসছে তাঁর প্রশাসন। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য।
যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত মেনে নেয়ার দাবি জানিয়েছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, ওমানের সাথে সমঝোতার ভিত্তিতে হরমুজ প্রণালী দিয়ে নতুন নৌ চলাচলপথের স্বীকৃতি এবং ইসরাইলের লেবাননে হামলাসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা।
এই সংঘাতে মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেও তাঁর ভূমিকা রয়েছে। সোমবারের রুদ্ধদ্বার বৈঠকে তিনি যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে দেয়া দুই দিনের একটি প্রস্তাব ট্রাম্পের কাছে তুলে ধরেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘সংঘাতের অবসান ঘোষণা করে বিষয়টি এখানেই শেষ করে দিচ্ছেন না কেন?’
জবাবে ট্রাম্প বলেন, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি স্বল্পমেয়াদি সমাধানের বদলে ‘দীর্ঘমেয়াদি সমাধান’ চান বলেও জানান।
ট্রাম্প বলেন, ‘সেখানে আমাদের কয়েকটি চমৎকার মিত্র দেশ রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে তারা ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি আরো বলেন, ‘ছয় মাস আগের তুলনায় তারা এখন অনেক বেশি নিরাপদ। কারণ, ইরানের নেতৃত্ব ও সামরিক কাঠামোকে ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে ইরান এখনো কিছুটা দাদাগিরি দেখাচ্ছে।’