ঠাকুরগাঁওয়ের চার উপজেলায় নতুন করে নিয়োগ পাওয়া ৩১ জন সার ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক নেতা, সমর্থক এবং নেতাকর্মীদের স্ত্রী, সন্তান, ভাই ও নিকটাত্মীয়।
অন্যদিকে দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজন আবেদন করেও ডিলারশিপ পাননি। এ নিয়ে নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।
গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত চূড়ান্ত তালিকায় জেলার ৩২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মধ্যে ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ৩১ জনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় বিরোধের কারণে তিনটি ইউনিয়নে নিয়োগের সিদ্ধান্ত স্থগিত রয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের চারজন পদধারী নেতা ছাড়াও রয়েছেন সাবেক নেতা, সমর্থক, ছাত্রদলের সাবেক নেতা এবং মহিলা দল, তাঁতি দল ও ওলামা দলের নেতারা। এ ছাড়া বিএনপি নেতাদের ১০ জন স্ত্রী, দুজন সন্তান, দুজন ভাই এবং এক নেতার স্বজন ডিলারশিপ পেয়েছেন। তালিকায় একজন খুচরা সার ব্যবসায়ী, একজন টিসিবি ডিলার, খাদ্য কর্মসূচির দুজন ডিলার, চাকরিজীবী পরিবারের তিনজন এবং সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজনও রয়েছেন। বাকি তিনজনের মধ্যে আওয়ামী লীগের একজন ওয়ার্ড নেতা, একজন সমর্থক এবং রাজনৈতিক পরিচয়হীন একজন ব্যক্তি রয়েছেন।
অভিযোগ রয়েছে, নতুন ডিলারদের অধিকাংশেরই সার ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই। তাদের অনেকের নির্ধারিত ধারণক্ষমতার গুদামও নেই। এমনকি ৩১ জনের মধ্যে ২৬ জনের আগে কোনও ব্যবসা, আয়কর নথি কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে ব্যাংক হিসাব ছিল না।
কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের সই করা ৪ নভেম্বরের চিঠিতে নিয়োগের বিষয়টি জানানো হয়। চিঠি অনুযায়ী, পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ১১ জন, বালিয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটিতে সাতজন, রানীশংকৈল উপজেলার একটি পৌরসভাসহ আটটি ইউনিয়নে আটজন এবং হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে পাঁচজন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
স্বজনদের নামে ডিলারশিপ
পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম। আবুল হোসেন ওষুধ ও ডায়াগনস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত এবং উপজেলা ড্রাগ সমিতির সভাপতি। রেনুয়ারার নিজস্ব দোকান না থাকলেও ভোমরাদহ এলাকায় মমতাজ ফিলিং স্টেশনের পাশে সবুজ নামের এক কীটনাশক ব্যবসায়ীর দোকানের সামনে তার নামে সাইনবোর্ড দেখা গেছে। আবুল হোসেনের ভাষ্য, ছেলে চাকরি করায় স্ত্রীর নামে ডিলারশিপ নিয়েছেন। রেনুয়ারার আগে সার ব্যবসার অভিজ্ঞতা নেই।
কোষারানীগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ। খনগাঁও ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলীর স্ত্রী মিরা আক্তার। তাদের কারও আগের সার ব্যবসার অভিজ্ঞতা নেই।
পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের মেয়ে শবনম মুস্তারী সিনথিয়া। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার বাবা পীরডাঙ্গী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক এবং মা সালমা বেগম ভেলাতৈড় দাখিল মাদ্রাসার শিক্ষক। সিনথিয়ারও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না।
পীরগঞ্জ পৌরসভায় ডিলার হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হকের স্ত্রী শ্যামলী আক্তার। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে তার সার বিক্রির ব্যবসা ছিল না।
এ ছাড়া সেনগাঁও ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, সৈয়দপুর ইউনিয়নে ছাত্রদলের সাবেক নেতা ফরহাদ হোসেন, জাবরহাট ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমানের ছেলে আহমেদ আব ইয়াজ এবং বৈরচুনা ইউনিয়নে বিএনপি-সমর্থক লুৎফর রহমান ডিলার হয়েছেন। তাদের কারও আগের সার ব্যবসার অভিজ্ঞতা নেই বলে জানা গেছে।
আমজানখোর ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদের বড় ভাই জহিরুল হক। বড়বাড়ী ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলীর স্ত্রী নুরজাহান আক্তার। জুলফিকার আলী নিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং খাদ্য কর্মসূচির ডিলার। তিনি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামের ঘনিষ্ঠ ব্যক্তি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টি এম মাহবুবর রহমানের ভাই বলেও পরিচিত। নুরজাহানেরও আগে সার ব্যবসার অভিজ্ঞতা নেই। তবে চাড়োল ইউনিয়নে নিয়োগ চূড়ান্ত হয়নি।
রানীশংকৈলেও বিএনপি পরিবারের সদস্যদের প্রাধান্য
রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছে মেসার্স জিএস ট্রেডার্স। প্রতিষ্ঠানটির মালিক জাহাঙ্গীর আলম ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদের বড় ভাই। সিঙ্গাপুরপ্রবাসী জাহাঙ্গীর গত ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন। তিনি জানান, ছোট ভাইয়ের পরামর্শে দেশে এসে সার ডিলারের জন্য আবেদন করেছেন। তারও আগে এ ব্যবসার অভিজ্ঞতা ছিল না।
রানীশংকৈল পৌরসভায় ডিলার হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম। স্থানীয়দের ভাষ্য, তিনিও আগে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না।
হোসেনগাঁও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন এবং লেহেম্বা ইউনিয়নে বিএনপি-সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. হাসানের পুত্রবধূ মিথিলা সানজিদা সিমি ডিলার হয়েছেন। সিমির স্বামী প্রকৌশলী বাদল খাদ্য কর্মসূচির ডিলার।
কাশিপুর ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেনের স্ত্রী ময়না আক্তার। দেলোয়ার সম্প্রতি পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছেন। এ কারণে স্ত্রীর নামে ডিলারশিপ নেওয়া হয়।
নন্দুয়ার ইউনিয়নে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি কামাল আনোয়ার আহাম্মদের খালাতো ভাই রকিবুল হাসান ডিলার হয়েছেন। তিনি আগে থেকেই খুচরা সার ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত। অন্যদিকে বাচোর ইউনিয়নে ডিলার হয়েছেন আওয়ামী লীগ-সমর্থক রতন রায়। ধর্মগড় ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন।
হরিপুরে বিএনপি নেতার ছেলে ও মহিলা দলের নেত্রী
হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে ডিলার হয়েছেন সায়েদ আলী। তার কোনও রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে। এ ইউনিয়নে ডিলারশিপের আবেদন করেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। তবে চূড়ান্ত তালিকায় তার নাম আসেনি।
আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডিলার হতে আমি টাকাও দিয়েছিলাম, কিন্তু আমাকে ডিলারশিপ দেওয়া হলো না।’
আমগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে মশিউর রহমান ডিলার হয়েছেন। ডাঙ্গীপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সভাপতি করিমুল হক, হরিপুর ইউনিয়নে উপজেলা ওলামা দলের সভাপতি দবিরুল ইসলাম এবং ভাতুরিয়া ইউনিয়নে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন নিয়োগ পেয়েছেন। নাজমা পারভীনের স্বামী সাইফুল ইসলাম একটি কলেজের অধ্যক্ষ এবং তার দেবর আলাল বিএডিসির সার ডিলার।
অভিজ্ঞ ব্যবসায়ীদের বঞ্চিত হওয়ার অভিযোগ
দীর্ঘদিন সার ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পরও ডিলারশিপ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। রানীশংকৈল উপজেলার বটতলী বাজারের সার ব্যবসায়ী জয়নাল আলী বলেন, দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের অধিকাংশের ব্যবসায়িক অভিজ্ঞতা কিংবা গুদাম নেই। এতে প্রকৃত সার ব্যবসায়ীরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলার হতে পারেননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তিনি বলেন, সার ডিলার নিয়োগে দুর্নীতি হয়েছে। ‘যার টাকা নেই, তার ডিলারশিপও নেই।’
জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব গোলাম মর্তুজা সেলিম বলেন, কৃষিপ্রধান দেশে ফসল উৎপাদন অব্যাহত রাখতে সারের সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। কিন্তু ডিলার নিয়োগেও দলীয়করণ করা হয়েছে। এতে কৃষিব্যবস্থা হুমকিতে পড়তে পারে এবং সার সরবরাহব্যবস্থা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের
পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হওয়া শিক্ষার্থী শবনম মুস্তারী সিনথিয়ার বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা শোনা যাচ্ছে না জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আর ফোন ধরেননি।
অন্যদিকে হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন বলেন, তার পরিবার দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি আবেদন করেছিলেন। যাচাই-বাছাইয়ের পর নিয়োগ পেয়েছেন। এখানে রাজনৈতিক বিবেচনা করা হয়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন দলের নেতাকর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন তাদের অনেকে ব্যবসা-বাণিজ্যে যুক্ত হচ্ছেন। সে কারণে সার ডিলারের জন্য আবেদন করেছেন। তবে ডিলার নিয়োগে দলের কোনও প্রভাব ছিল না।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যারা ডিলার হতে পারেননি, তারাই এখন নানা কথা ছড়াচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে তার কোনও ভূমিকা নেই। আওয়ামী লীগের একজন নেতা নিয়োগ পেয়েছেন বলে যে কথা বলা হচ্ছে, তিনি তার নির্বাচনে কাজ করেছিলেন। তবে নীতিমালার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেবেন।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, নতুন সার ডিলার নিয়োগের বিষয়ে কৃষি বিভাগের কোনও মন্তব্য নেই।
কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করেছে। জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে নীতিমালা অনুযায়ী সুপারিশ পাঠানো হয়েছে। জেলা পর্যায় থেকে সেই সুপারিশে কোনও পরিবর্তন করা হয়নি। পরে তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হলে সরকার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।