Image description
জার্মানির বার্লিনে পার্লামেন্ট ভবনের সামনে একটি পতাকাদণ্ডে দেশটির জাতীয় পতাকার বদলে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন অধিকারকর্মীরা। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে জার্মান সরকারের নীরবতা এবং ইসরায়েলপন্থী নীতির প্রতিবাদে তারা এই পদক্ষেপ নেন।
 
‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ (Peacefully Against Genocide) নামের সংগঠনটি জানিয়েছে, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জার্মান রাজনীতিকদের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি।
 
এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘বিশ্বের যেখানেই গণহত্যা সংঘটিত হোক না কেন, তা আমাদের সবাইকে প্রভাবিত করে। মানবতাবিরোধী অপরাধ বন্ধে আমাদের দায়িত্ব এড়িয়ে যাওয়া চলবে না।’
 
জার্মানির জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে হলোকাস্টের স্মৃতি থেকে আসা ‘আর কখনো নয়’ (Never Again) অঙ্গীকারের প্রকৃত অর্থ নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
 
বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, ‘সরকারগুলো আন্তর্জাতিক আইন মেনে না চললে সেই আইনের অর্থ কী? মানবাধিকার যদি সবার জন্য প্রযোজ্য না হয়, তাহলে তার মূল্যই বা কী? যখন নরকতুল্য পরিস্থিতি বাস্তবে রূপ নেয়, তখন নাগরিক সমাজ হিসেবে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং স্বাধীনতা ও সবার জীবনের সুরক্ষার পক্ষে অবস্থান নিতে হবে।’