Image description

অর্জুন রাজপুতের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। এরপর বল হাতেও দারুণ শুরু করে মাত্র ৬১ রানেই তুলে নিয়েছিল পাঁচ উইকেট। কিন্তু সেই সুবিধা ধরে রাখতে পারেনি ভারতীয় বোলাররা। হামজা জহুরের অপরাজিত সেঞ্চুরি আর হাসনাইন আব্বাস দারের সঙ্গে তার শতরানের জুটিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে যুব এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

 

রোববার (৮ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে যুব এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের দেওয়া ২০৯ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান। ৪৮ দশমিক ১ ওভারে ৭ উইকেটে ২০৯ রান তোলে তারা। দলের জয়ের নায়ক হামজা ১০৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন।

 

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। তৃতীয় ওভারেই ৫ রান করে ফিরে যান জাহাঙ্গীর বিলাল। এরপর আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করা উসমান খানও ১৬ রানের বেশি করতে পারেননি। আবদুল কাদির ২০, অধিনায়ক ফারহান ইউসুফ ২ এবং আহমেদ হুসেইন ৮ রান করে বিদায় নিলে মাত্র ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

 

তখন ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার হামজা জহুর। তাকে যোগ্য সঙ্গ দেন হাসনাইন আব্বাস দার। ষষ্ঠ উইকেটে দুজন মিলে গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।

 

চাপের মুখে ধৈর্য ধরে ব্যাটিং করেন হামজা। একদিকে উইকেট বাঁচিয়ে রাখার পাশাপাশি সুযোগ বুঝে বাউন্ডারি আদায় করে নিতে থাকেন তিনি। অন্য প্রান্তে হাসনাইনও দায়িত্বশীল ব্যাটিংয়ে তাকে সমর্থন দেন।

 

৩৮তম ওভারে হাসনাইনকে ফিরিয়ে অবশেষে সেই জুটি ভাঙেন মনল চৌহান। ৬৭ বলে ৩৮ রান করেন হাসনাইন। এরপর মোহাম্মদ সাইয়ামকে ৪ রানে ফিরিয়ে ভারতকে সপ্তম সাফল্য এনে দেন মোহিত উলভা।

 

তবে এতেও থামানো যায়নি হামজাকে। শেষদিকে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার পাশাপাশি নিজের সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দলের জয় নিশ্চিত করেন এই তরুণ। ভারতের হয়ে মনল চৌহান ৩২ রানে ৩টি এবং মোহিত উলভা ৪৫ রানে ২টি উইকেট নেন।

 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে তারা। ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক লক্ষ্য রাইচান্দানিকে শূন্য রানে ফিরিয়ে দেন আলি রাজা।

 

এরপর ভিকে বিনীত ৮ ও যশবর্ধন চৌহান ১ রানে বিদায় নিলে ২২ রানেই ৩ উইকেট হারায় ভারত। বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগও বড় ইনিংস খেলতে পারেননি। ৪০ বলে ২২ রান করে আউট হন তিনি। ফলে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারতীয়রা।

 

সেই পরিস্থিতিতে একাই লড়াই চালিয়ে যান অর্জুন রাজপুত। মাত্র ৮০ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ৮৫ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় ১০৭ রান করেন। রাহুল দ্রাবিড়ের ছেলে আনভয় দ্রাবিড় করেন ১০ রান।

 

শেষদিকে কাব্য প্যাটেলের ২৩ রানের ইনিংসে ৪৬ দশমিক ৩ ওভারে ২০৮ রান সংগ্রহ করে ভারত। পাকিস্তানের হয়ে আলি রাজা ৩৭, রিজওয়ানুল্লাহ ২৪ এবং নিকাব শফিক ৪২ রান দিয়ে তিনটি করে উইকেট নেন।

 

এই জয়ে ‘এ’ গ্রুপে টানা দ্বিতীয় জয় তুলে নিল পাকিস্তান। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তারা। অন্যদিকে দুই ম্যাচে একটি করে জয় ও হারে ভারতের সংগ্রহ ২ পয়েন্ট।

 

আগামী ১০ নভেম্বর নিজেদের শেষ গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ভারত। একই দিন নেপালের বিপক্ষে খেলবে পাকিস্তান।