হরমুজ প্রণালিতে চলাচলকারী তৃতীয় একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, অনুমোদনহীন পথে চলাচল এবং নৌযানের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার কারণে জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটেছে।
রোববার আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দিনের প্রথম ভাগ থেকে হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি ‘বিদ্রোহী’ তেলবাহী জাহাজ বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। এসব জাহাজের আগুনে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথের আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে বলেও দাবি করেছে সংস্থাটি।
টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, জাহাজগুলো তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের কারণেও এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
বিবৃতিতে আরো বলা হয়, হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুন সম্পর্কে সব জাহাজকে বারবার জানানো হয়েছে। এসব নির্দেশনা অমান্য করে চলাচলকারী জাহাজগুলোর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
সূত্র: আল জাজিরা