Image description

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহতের পর দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করেছেন। পাশাপাশি আসন্ন সাধারণ নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন তিনি।

গত সপ্তাহে দেশটির মধ্যাঞ্চলীয় কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষ হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) পুয়েন্তে জানান, দুর্ঘটনার পরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে সরকারের প্রাথমিক পদক্ষেপ ও পরিস্থিতি মোকাবিলায় এতদিন দায়িত্বে ছিলেন তিনি।

পুয়েন্তে বলেন, স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রী হিসেবে এক বছরের কম সময়ের মধ্যে এত বড় দুটি দুর্ঘটনার পর দায়িত্বে থাকা সম্ভব নয়। এ সময় তিনি গত জানুয়ারিতে আন্দালুসিয়ায় একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হওয়ার কথাও বলেন। ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।

গত ২৮ অক্টোবর মাদ্রিদ-সেভিয়া রেলপথে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রেনফে পরিচালিত একটি উচ্চগতির ট্রেন স্থির থাকা একটি ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় ট্রেনটির গতি ঘণ্টায় আনুমানিক ১০০ থেকে ১২৫ মাইল ছিল।

 

সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণে রেলপথের একটি নির্দিষ্ট অংশে ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ত্রুটির পর মাদ্রিদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ দায়িত্ব নেওয়ার পর রেনফের ট্রেনটিকে চলাচলের অনুমতি দেয়। এর ফলে বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত ইরিও ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর মাদ্রিদ-সেভিয়া রেলপথে ট্রেন চলাচল কমিয়ে দেওয়া হয়েছে। রেলওয়ে সেফটি এজেন্সি ওই রেলপথের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছে। পাশাপাশি বিলম্বিত ইউরোপীয় রেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (ইআরটিএমএস) চালুর কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার।

রেল দুর্ঘটনা এড়াতে নতুন কিছু নিরাপত্তাব্যবস্থা চালুর পরিকল্পনাও করেছে স্পেন সরকার। এর মধ্যে রয়েছে এআইভিত্তিক একটি ব্যবস্থা। এটি ট্রেন চলাচলের বিভিন্ন অসংগতি শনাক্ত করার পাশাপাশি চালক ও নিয়ন্ত্রকদের কথোপকথন পর্যবেক্ষণ করবে। এর মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

পুয়েন্তে জানিয়েছেন, এ ধরনের নিরাপত্তাব্যবস্থা চালু করা বিশ্বের প্রথম দেশ হবে স্পেন।

দুর্ঘটনায় হতাহত ও তাঁদের পরিবারের জন্য ৩০ মিলিয়ন ইউরোর (৩ কোটি ৩৫ লাখ ডলার) একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। এই প্যাকেজের আওতায় নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবার সরাসরি ৭২ হাজার ১২১ ইউরো (৮০ হাজার ৭৭৬ ডলার) আর্থিক সহায়তা পাবে।

সূত্র: আল-জাজিরা