রোগীর চিকিৎসা বিল কমানো নিয়ে তর্কাতর্কির জেরে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এছাড়া, ভাঙচুরের পাশাপাশি হামলাকারীরা হাসপাতাল থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলেও জানিয়েছে হাস্পাতাল কর্তৃপক্ষ।
বুধবার (৪ নভেম্বর) রাত ১২টায় সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালটির কাস্টমার কেয়ার কর্মকর্তা শেখ জাভেদ ইকবাল গণমাধ্যমকে জানান, স্থানীয় কয়েকজন যুবক হামলায় জড়িত। হামলাকারীরা হাসপাতালের জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি মূল্যবান সামগ্রী নিয়ে গেছেন।
তার দাবি, ‘হামলায় হাসপাতালের আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
হাসপাতাল সূত্র জানায়, ঠোঁটে আঘাত পাওয়া এক রোগী সেখানে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা শেষে তিন হাজার টাকা বিল আসলে স্বজনেরা বিল কমানোর অনুরোধ জানান। হাসপাতাল কর্তৃপক্ষ বিলের কিছু অংশ মওকুফ করতেও রাজি হলেও এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর বিল পরিশোধ করে রোগী চলে যাওয়ার পর স্থানীয় কয়েকজন যুবক হাসপাতালে জড়ো হয়ে হামলা চালায়।