সুনামগঞ্জের দিরাইয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলার মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী একটি মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায় মাটিয়াপুর গ্রামের যুবক। এ ঘটনায় গ্রাম দুটি প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে দুটি গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য ও গ্রামবাসী দেশীয় অস্ত্র এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের ২০ জন আহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুটি গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে-মেয়ে প্রেম করে পালিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সময়ের আলো