ইসরাইলকে প্রতিবছর দেওয়া ৪০০ কোটি ডলারের মার্কিন আর্থিক সহায়তা চলতি বছরের শেষ নাগাদ বন্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরাইলকে ৪০০ কোটি ডলার সহায়তা দিয়ে আসছে। তবে কয়েক মাস আগেই এই অর্থায়ন বন্ধ করার বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে আর এই অর্থ দেওয়া হবে না। তিনি বলেন, বিষয়টি নিয়ে ইসরাইলেরও আপত্তি নেই। ফলে এই সহায়তা অব্যাহত রাখার কোনো প্রয়োজন দেখছেন না তিনি।
তবে আর্থিক সহায়তা বন্ধ হলেও ইসরাইলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, প্রয়োজন হলে ওয়াশিংটন ইসরাইলকে সহযোগিতা করবে। দেশটিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র উল্লেখ করে ট্রাম্প বলেন, ইসরাইল চাইলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিংবা প্রয়োজনীয় অন্যান্য সামরিক সরঞ্জাম কিনতে পারবে।
ট্রাম্প আরো দাবি করেন, ইসরাইলকে দেওয়া মার্কিন সহায়তা বন্ধের প্রস্তাবটি প্রথম নেতানিয়াহুই তুলেছিলেন। তার বক্তব্য অনুযায়ী, নেতানিয়াহু বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তা না নেওয়াই হবে উপযুক্ত সিদ্ধান্ত।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরাইলের অন্যতম প্রধান সামরিক ও আর্থিক সহযোগী। ফলে ট্রাম্পের এই ঘোষণা বাস্তবায়িত হলে দুই দেশের দীর্ঘদিনের সহায়তা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।