যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোর কাছে একটি আবাসিক এলাকায় বিজনেস জেট বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। বিমানটিতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।
দুর্ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায়। মার-আ-লাগো থেকে এলাকাটি প্রায় ১৪ কিলোমিটার দূরে। স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিট) বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যায়, আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত তৈরি হয়েছে। সেখানে আগুন জ্বলছে। বিমানটির ধ্বংসাবশেষ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসস্তূপ সড়কজুড়ে ছড়িয়ে আছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও বিমানটির গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে এটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট গতিতে নিচে নামছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটিকে গাড়ির ড্যাশ ক্যামেরায় ধারণ করা দৃশ্য বলে মনে করা হচ্ছে। এতে দেখা যায়, একটি আবাসিক এলাকার সড়কে গাড়ি চলাচল করছে। হঠাৎ আকাশ থেকে প্রায় খাড়াভাবে নিচে নেমে আসে একটি বিমান। মুহূর্তেই সেটি মাটিতে আছড়ে পড়ে এবং বিকট বিস্ফোরণে আগুনের গোলা তৈরি হয়।
দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ, চারদিকে ছড়িয়ে পড়ছে ধ্বংসাবশেষ।’
বিমানটিতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। তবে মাটিতে থাকা কেউ নিহত বা আহত হয়েছেন বলে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গভর্নর ডিস্যান্টিস।
পরিবহনমন্ত্রী শন ডাফি এ দুর্ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, দুর্ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে এফএএ।
শন ডাফি বলেন, ‘যাদের আমরা হারিয়েছি, তাদের পরিবার ও স্বজনদের জন্য সবাই প্রার্থনা করুন।’
পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ দুর্ঘটনাটিকে ‘বহু মানুষের হতাহতের ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে।
পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। ছয় লেনের এই সড়কের পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে।
সংবাদ সম্মেলনে গভর্নর ও স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর পাশের একটি ট্রেলার পার্ক এলাকার প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
তারা আরো জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ায় স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে পানির সরবরাহের লাইনও রয়েছে। সড়কটি আবার চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগবে।
দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গিয়েছিল। সংবাদ সম্মেলনের সময়ও সেখানে ভারী বৃষ্টি হচ্ছিল।
রোববার সকালে মার-আ-লাগোতে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে করে তিনি সেখান থেকে চলে যান।