ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৫ লাখের বেশি বিশেষ ব্যালট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসব ব্যালট গণনা শুরু হয়েছে। নিয়মিত ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি এবং বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। অন্যদিকে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে। তবে বাকি ভোট গণনার পর দলগুলোর আসনসংখ্যা বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৫ লাখের বেশি বিশেষ ব্যালট। বৃহস্পতিবার ভোরে এসব ব্যালট গণনা শুরু হয়। এগুলোর ফলে পার্লামেন্টে বিভিন্ন দলের আসনসংখ্যা এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোটগুলোর মধ্যে ব্যবধান বদলে যেতে পারে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এই ভোট গণনা শেষ হওয়ার কথা।
মূলত নিবন্ধিত ভোটকেন্দ্রের বাইরে থেকে যারা ভোট দেন, তাদের জন্য বিশেষ দ্বৈত খামের এই ব্যালট ব্যবহার করা হয়। এ তালিকায় রয়েছেন সেনাসদস্য, কূটনীতিক, পুলিশ কর্মকর্তা এবং বাস্তুচ্যুত বাসিন্দারা।
ভোটের ক্ষেত্রে জালিয়াতি বা একই ব্যক্তির একাধিকবার ভোট দেয়া ঠেকাতে প্রথমে বাইরের খামে থাকা ভোটারের পরিচয়সংক্রান্ত তথ্য যাচাই করেন কর্মকর্তারা। এরপর বাইরের খাম থেকে পরিচয়বিহীন ব্যালটটি আলাদা করে গণনা করা হয়।
বাকি ব্যালটগুলোর গণনায় বিভিন্ন দলের আসনসংখ্যা এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোটগুলোর মধ্যকার ব্যবধান বদলে যেতে পারে।
চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, নিয়মিত ব্যালট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। অন্যদিকে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন।
আর প্রধানত আরব দলগুলো পেতে পারে ১৯টি আসন। ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাওয়ার সম্ভাবনা নেই প্রধান দুই জোটের কোনোটিরই।
পূর্বাভাস অনুযায়ী, জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম পার্টি সাতটি আসন পেতে পারে। এতে আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা দাঁড়াবে ১৯টিতে, যা দেশটির পার্লামেন্টে তাদের জন্য রেকর্ড প্রতিনিধিত্ব।
কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ। ১৯৯৯ সালের পর এটিই সর্বোচ্চ ভোটদানের হার।