ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘ইউরোপ নিজেই সমস্যার অংশে পরিণত হয়েছে।’
‘গত দুই বছরে ইউরোপীয় দেশগুলো কোনো গঠনমূলক ভূমিকা পালন করেনি,’ বলেন তিনি।
উল্লেখ্য, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল ২৩শে অক্টোবর ইস্তানবুলে ইউরোপীয় ও আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন প্রস্তুত।
এরই প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তখনও ইউরোপীয় দেশগুলো এসব হামলার নিন্দা জানায়নি। বরং তারা এমন বিবৃতি দিয়েছে, যা তার ভাষায় ‘মার্কিন সামরিক আগ্রাসনের প্রতি সমর্থনের’ শামিল।