Image description

ভারতের উত্তরপ্রদেশে খুনের দায় থেকে পার পাওয়ার জন্য এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)-এর সাহায্যে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন এক যুবক। এমনকি তিনি মাউ মিউনিসিপ্যাল ​​কাউন্সিল থেকে একটি ভুয়া মৃত্যুর সনদ জোগাড় করে আদালতে জমা দেন।  

গতকাল রোববার অভিযুক্ত রাজকুমার রাজভরকে গ্রেপ্তার করার পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, তিনি ইতিমধ্যে আদালতে নথিপত্র জমা দিয়েছিলেন, যাতে বলা হয়েছিল যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য তিনি আর বেঁচে নেই। ২০১৬ সালে যোগেশ সিংকে হত্যার দায়ে রাজভরের বিচার চলছে। 

রাজকুমার রাজভর ২০২৫ সালের ৩০ মে গাজিপুরে নিজের মৃত্যুর নাটক সাজানোর জন্য এআই-নির্ভর পরিকল্পনাটি করেন। শ্মশানের চিতায় পড়ে থাকা একটি মরদেহের এআই দিয়ে তৈরি করা ছবি ব্যবহার করার পাশাপাশি মানুষের মরদেহের পরিবর্তে একটি ছাগল দাহ করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুটিকে আসল বলে মনে করানোর জন্য একটি অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রা (শবযাত্রা) এবং শেষকৃত্যের ছবিগুলোও সাজানো হয়। 

কোতোয়ালি নগর পুলিশ, স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং সারভেইল্যান্স দলের সহায়তায় গতকাল রোববার সকাল ৯টার দিকে তাকে তার বাসভবন খাজাঞ্জাহানপুর এলাকার কাছ থেকে গ্রেপ্তার করার আগপর্যন্ত তিনি প্রায় দেড় বছর ধরে স্বাধীনভাবে জীবনযাপন করছিলেন। ৩৮ বছর বয়সী রাজভর গুলিতে এক ব্যক্তিকে হত্যার মামলায় জামিনে ছিলেন।

পুলিশ জানিয়েছে, বিচার চলাকালীন রাজভর আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে নিজের মৃত্যুর একটি গল্প ফাঁদেন এবং আদালতে জাল নথিপত্র জমা দেন।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুন্সিপুরা রেললাইনের কাছে যোগেশ সিংকে গুলি করে হত্যা করা হয়। নিহতের ভাতিজা অবিনাশ সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাজকুমার রাজভর ও তাঁর বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার অনুপ কুমার জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য হওয়া রাজকুমার রাজভর শেয়ারবাজারের ট্রেডার হিসেবে কাজ করতেন। বাজারে বিনিয়োগ করার কথা বলে তিনি বিভিন্ন শহরের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন। পুলিশের অভিযোগ, হত্যা মামলার আইনি পদক্ষেপ থেকে বাঁচতে এবং ওই অর্থ ফেরত দেওয়া এড়াতেই তিনি নিজের মৃত্যুর ছক কষেছিলেন।

তার বিরুদ্ধে জালিয়াতির একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, অন্যদিকে তিনি এখন আর ‘মৃত’ না হওয়ায় তাকে হত্যা মামলার বিচারের মুখোমুখি হতে হচ্ছে। 

সূত্র: এনডিটিভি।