Image description

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির পাশাপাশি নরেন্দ্র মোদি সরকারেরও বিদায় চেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে, এই সরকারকেও বিদায় নিতে হবে। এরপরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার (১০ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা বলেন রাহুল গান্ধী। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচির আগে তার এই বক্তব্য সামনে আসে। কয়েক দিন ধরেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের এই নেতা।

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে বিপুলসংখ্যক ভোটার ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়েছেন। এ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।

 

রাহুল গান্ধী ও বিরোধী নেতাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করতে পারে। এ কারণে তারা জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি এসআইআর প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়ে আসছেন।

এদিকে, ১০ অক্টোবরের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। কর্মসূচিতে যোগ দিতে আসা ব্যক্তিদের আটক এবং প্রতিবাদস্থল ঘিরে বিধিনিষেধের কারণে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।