Image description

লন্ডন থেকে শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিএ২৯৫ নম্বর ফ্লাইটটি আয়ারল্যান্ডের আকাশে জরুরি অবস্থা জারি করার পর পুনরায় লন্ডনে ফিরে যেতে বাধ্য হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এ খবর জানা গেছে।

 

উড্ডয়নরত অবস্থায় বিমানটির ট্রান্সপন্ডার থেকে ‘৭৭০০’ বার্তা পাঠানো হয়, যা যেকোনও সাধারণ জরুরি অবস্থার সংকেত হিসেবে ব্যবহৃত হয়। ট্র্যাকিং ডাটা অনুযায়ী, জরুরি বার্তা দেওয়ার পরই বিমানটি আয়ারল্যান্ডের আকাশে দ্রত নেমে আসে এবং প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় অবস্থান নেয়।

জরুরি অবস্থার সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে কেবিন প্রেসার বা বায়ুচাপ কমে গেলে নিয়ন্ত্রিত উপায়ে দ্রত কম উচ্চতায় (সাধারণত ১০ হাজার ফুটের নিচে) নেমে আসার সাধারণ প্রটোকল অনুসরণ করা হয়।

 

 

‘স্কোয়াক ৭৭০০’ হলো একটি চার ডিজিটের সংকেত, যা বিমানের ট্রান্সপন্ডারের মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পাঠানো হয়। এটি সুনির্দিষ্ট কোনও সমস্যার কথা না বললেও নিয়ন্ত্রণ কক্ষকে জানিয়ে দেয় যে পাইলটদের সহায়তা ও জরুরি অবতরণের জন্য রুট ফাঁকা করা প্রয়োজন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের একটি বিমানে এমনই এক জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তেল আবিবগামী ‘এফজেড১০৭৩’ ফ্লাইটটি জরুরি বার্তা পাঠিয়ে মাত্র দুই মিনিটের কম সময়ে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায় এবং পরবর্তীতে তাবুকা অভিমুখে ঘুরিয়ে নেওয়া হয়।