Image description
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ব্যয়ের সিংহভাগই গিয়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনে জমা দেয়া রাজনৈতিক দলগুলির ব্যয়ের হিসাব অনুযায়ী, আসাম, কেরলা, তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গ- এই পাঁচ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দপ্তরের মোট নির্বাচনী ব্যয় হয়েছে ৫২৯ দশমিক ৩৮ কোটি টাকা। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই খরচ হয়েছে প্রায় ২৮৭ কোটি টাকা। তা মোট ব্যয়ের প্রায় ৫৪ শতাংশ।
 
হিসাব বলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে সাধারণ দলীয় প্রচারে বিজেপি ব্যয় করেছে ২১৭ দশমিক ১৬ কোটি টাকা। প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত খাতে খরচ হয়েছে আরও ৬৯ দশমিক ৮৩ কোটি টাকা। যার মধ্যে ৫৮ দশমিক ৮০ কোটি টাকা সরাসরি প্রার্থীদের দেয়া হয়েছিল।
 
আসামে দলের ব্যয় ৯৬ দশমিক ২৬ কোটি, কেরালায় ৮২ দশমিক ৬৭ কোটি, তামিলনাড়ুতে ৫১ দশমিক ৫৬ কোটি এবং পুদুচেরিতে ১১ দশমিক ৮৯ কোটি টাকা।
 
নির্বাচন শেষে বিজেপির জমা দেয়া হিসাব অনুযায়ী, ওই নির্বাচনী পর্বে দলের আয় ছিল প্রায় ১ হাজার ৪৯৪ কোটি টাকা। পর্ব শেষে ব্যাংক ও নগদ মিলিয়ে দলের হাতে ছিল ৭ হাজার ৬৮৯ দশমিক ০৬ কোটি টাকা।
 
রাজনৈতিক দলগুলির নির্বাচনী ব্যয়ের কোনও নির্দিষ্ট সর্বোচ্চ সীমা নেই। তবে প্রতিটি নির্বাচনের পর প্রচার, যাতায়াত, বিজ্ঞাপন, সভা-সমাবেশ এবং প্রার্থীদের জন্য করা ব্যয়ের বিস্তারিত হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়।