Image description

মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে দ্রুততম প্রথম শ্রেণির সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মুহাম্মদ শাহজাদ।

ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্টস ট্রফির তৃতীয় রাউন্ডের প্রথম দিনের ম্যাচে কিংসম্যান একাডেমির বিপক্ষে পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) হয়ে এই কীর্তি গড়েন ডানহাতি ব্যাটার শাহজাদ। ১২টি চার ও ৮টি ছক্কায় ৬২ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

২১টি প্রথম শ্রেণির ম্যাচে শাহজাদের ষষ্ঠ সেঞ্চুরি এটি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ছিল পিটিভি, সে সময়ে ক্রিজে আসেন শাহজাদ। এরপর মোহাম্মদ তাহার সঙ্গে ১৪৩ রানের জুটি গড়েন। অন্যপ্রান্তে ৪৩ রান করেন তাহা।

শাহজাদ এখন পর্যন্ত ২২টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। ২০২৫ মৌসুমে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৬টি ম্যাচ খেলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয় তার।

এর আগে, পাকিস্তানি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল মিসবাহ-উল-হকের দখলে। ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

সেই সময় মিসবাহ কিংবদন্তি ভিভ রিচার্ডসের দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। তবে দুই বছর পর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্রেন্ডন ম্যাককালাম ৫৪ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কর্মসূচির মাধ্যমে উঠে এসেছেন শাহজাদ। পাকিস্তানের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি।