জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া ইরানি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বিলাসী পণ্য কিনতে পারবেন না। পাশাপাশি তারা পাইকারি পণ্য বিক্রির ক্লাবের সদস্যও হতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এ তথ্য জানান। খবর ইরান ইন্টারন্যাশনাল। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে এসে ইরানি কর্মকর্তারা যাতে বিলাসী পণ্য কেনাকাটার সুযোগ না পান, সে জন্য এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
পিগট বলেন, সাধারণ ইরানিরা যখন দমনপীড়ন, পানি ও বিদ্যুতের সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির মতো সমস্যায় ভুগছেন, তখন ইরানি সরকারের কর্মকর্তারা নিউইয়র্কে কেনাকাটায় ব্যস্ত হতে চান। তবে যুক্তরাষ্ট্র তা হতে দেবে না।
মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং দেশটির প্রতিনিধি দলের অন্য সদস্যদের ভিসা অনুমোদন করেছে। তবে তাদের ওপর ভ্রমণ ও কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিউইয়র্ক এলাকার ব্যবসায়ীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা কেনাকাটায় কোনোভাবেই সহায়তা না করার জন্য স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানি প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যেও এই নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কের চলমান টানাপোড়েনের বিষয়টি সামনে এনেছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল