Image description

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাড়ি বাড়ি টিকাদান কর্মসূচিতে পোলিওকর্মীদের নিরাপত্তায় নিয়োজিত দুই পুলিশ সদস্যকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা।

বেলুচিস্তান প্রদেশের নুশকি জেলায় এ হামলার ঘটনা ঘটে। এর এক দিন আগে সরকার এক সপ্তাহব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি শুরু করে। এতে ৩ কোটি ১০ লাখের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুনাওয়ার জামান জানান, পোলিওকর্মীরা একটি বাড়ির ভেতরে শিশুদের মুখে খাওয়ার টিকার ফোঁটা দেওয়ার সময় হামলার ঘটনা ঘটে। তবে অক্ষত রয়েছেন ওই পোলিওকর্মীরা।

 

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ও পাকিস্তানি তালেবান বেলুচিস্তানসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তানই এখন একমাত্র দুটি দেশ, যেখানে বন্য পোলিওভাইরাসের সংক্রমণ এখনো বন্ধ হয়নি।

 

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস