Image description

পারস্য উপাসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল সরবরাহ বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক অগ্রগতির ইতিবাচক খবরে বিশ্ববাজারে অস্থিরতা হ্রাসের ইঙ্গিত মিলেছে। তেলের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

 

এছাড়াও কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের আশ্বাসের ইঙ্গিত ও লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে সৌদি আরবের তেল রপ্তানি শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে যোগান সংক্রান্ত আশঙ্কা অনেকটাই প্রশমিত হয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের নভেম্বর চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ২ দশমিক ১ ডলার বা ২ শতাংশ কমে ৯৮ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবর চুক্তির দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫০ ডলার বা ২ দশমিক ৬১ শতাংশ কমে নেমে এসেছে ৯৩ দশমিক ২৮ ডলারে।

 

 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরান আগামী সাত দিনের মধ্যে কৌশলগত জলপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক নৌচলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করে দিতে পারে, এমন খবর প্রকাশের পরপরই বাজারে মূল্যহ্রাসের এই প্রবণতা ত্বরান্বিত হয়।

 

যুক্তরাজ্যের ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হোসেন মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টা যে ফলপ্রসূ হতে শুরু করেছে, তেলের দরপতন তারই ইতিবাচক লক্ষণ।

 

তবে তিনি সতর্ক করে আরও বলেন, ‘আন্তর্জাতিক জ্বালানি বাজারে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর আগে টোল ও বিভিন্ন মাশুলের (ফি) মতো অন্যান্য আনুষ্ঠানিক বাধাগুলোও সফলভাবে অতিক্রম করতে হবে।’

 

আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হওয়ার পেছনে আরেকটি মূল কারণ হলো সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ পূর্ণ শক্তিতে পুনরায় সক্রিয় হওয়া।

 

বার্তা সংস্থা রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত এই পাইপলাইনের মাধ্যমে আজ মঙ্গলবার থেকেই লোহিত সাগর উপকূলীয় ইয়ানবু বন্দর ব্যবহার করে অপরিশোধিত জ্বালানি তেল বিদেশে রপ্তানি কার্যক্রম ফের চালু করতে যাচ্ছে রিয়াদ।