ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরন শহরের ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মসজিদটিতে মুসলিমদের নামাজ আদায়ে প্রবেশ করতে দেওয়া হবে না। ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিমি মসজিদ বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়। মসজিদটির বিরুদ্ধে ‘পদ্ধতিগত লঙ্ঘন’ বন্ধে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে মুসলিমদের মসজিদে প্রবেশাধিকার নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
ইব্রাহিমি মসজিদের পরিচালক মোতাসেম আবু স্নেইনেহ বলেন, মসজিদ বন্ধের এই পদক্ষেপ চলমান উত্তেজনা এবং মসজিদের অবশিষ্ট অংশ দখলের প্রচেষ্টার অংশ। তার দাবি, মসজিদটির সব কক্ষ ও প্রাঙ্গণই সম্পূর্ণভাবে ইসলামী স্থাপনা ও পবিত্র স্থান।
তিনি আরও বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক সনদে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকারের ওপর স্পষ্ট আঘাত।
মসজিদ বন্ধের পাশাপাশি সেখানে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতাও জোরদার করা হয়েছে। মসজিদে যাওয়ার পথে কয়েকটি চেকপয়েন্ট ও ইলেকট্রনিক গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ইব্রাহিমি বালক প্রাথমিক বিদ্যালয় ও আল-ফাইহা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মীদের চলাচলও বাধাগ্রস্ত হয়েছে। এতে পাঠদান পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ইব্রাহিমি মসজিদটি হেবরনের পুরোনো শহরে অবস্থিত। এলাকাটি ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে দেড় হাজার ইসরায়েলি সৈন্যের সুরক্ষায় প্রায় ৪০০ দখলদার বসবাস করেন।
১৯৯৪ সালে একজন ইসরায়েলি দখলদারের চালানো এক হত্যাকাণ্ডে ২৯ জন ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর ইসরায়েল মসজিদটিকে ভাগ করে। তখন থেকে এর ৬৩ শতাংশ ইহুদিদের এবং ৩৭ শতাংশ মুসলমানদের জন্য বরাদ্দ করে।