ভারতীয় ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ ২৩ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে একটি নোটিস জারি করেছে।
নোটিস অনুযায়ী, নিষেধাজ্ঞাটি ভারতের নিবন্ধিত সব বিমান এবং ভারতীয় এয়ারলাইনস বা অপারেটরদের মাধ্যমে পরিচালিত বা ইজারা নেওয়া বিমানের (সামরিক ফ্লাইটসহ) ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রাথমিকভাবে ২০২৩ সালের ২৩ এপ্রিল এই আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সবশেষ এটি ছিল এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে জারি করা ১৭তম নোটিস।
ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলেগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। ভারত ওই হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে। তবে ইসলামাবাদ অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করে এবং ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানায়।
পাকিস্তান ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি বিমান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
২০২৫ সালের ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের কয়েকটি শহরে হামলা চালালে উত্তেজনা আরো বেড়ে যায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা অভিযান চালায়।
প্রায় ৮৭ ঘণ্টা ধরে চলা এই সংঘাতের পর, ১০ মে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সূত্র: জিও নিউজ