Image description

কেনিয়ায় ভারতের টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কেনিয়ায় কোম্পানিটির উপস্থিতি দেশটির জন্য প্রত্যাশিত সুফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে- এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ নির্দেশ দেন তিনি।

দক্ষিণ কেনিয়ার কাজিয়াদো অঞ্চল সফরের সময় রুটো বলেন, এত দীর্ঘ সময়ের চুক্তি থাকার পরও কাজিয়াদোতে টাটা কেমিক্যালস কোনো কারখানা তৈরি করেনি ও উল্লেখযোগ্য কোনো স্থাপনাও গড়ে তোলেনি। এখন এই কোম্পানির বদলে কেনিয়ায় কার্যক্রম পরিচালনার জন্য দুটি নতুন কোম্পানিকে আনা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ওই টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের চুক্তি ছিল। কিন্তু তারা কাজিয়াদোতে কিছুই তৈরি করেনি, কাজিয়াদোতে কোনো কারখানাও নির্মাণ করেনি।

কেনিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, তার সরকার নতুন একটি কোম্পানিকে সেখানে নিয়ে আসবে, যারা কাজিয়াদোতে বড় একটি কাচ তৈরির কারখানা স্থাপন করবে। পাশাপাশি রাসায়নিক উৎপাদনের জন্য আরও একটি কোম্পানিকে আনা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় রুটো প্রশ্ন তোলেন, কেনিয়া কি অন্যদের কাছে ‘দাস’ হয়ে থাকবে? তিনি বলেন, আমরা বলেছি, আমরা একটি নতুন কোম্পানি নিয়ে আসব এবং তাদের কাজিয়াদোতে একটি বড় কাচের কোম্পানি স্থাপন করতে হবে। আরেকটি কোম্পানি এখানে রাসায়নিক তৈরি করবে। আমরা কি অন্যদের কাছে দাস?

রুটোর সিদ্ধান্ত ও তার সমালোচনার বিষয়ে টাটা কেমিক্যালসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কেনিয়ার প্রেসিডেন্টের অভিযোগ ও কার্যক্রম বন্ধের নির্দেশ নিয়ে কোম্পানিটির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স