Image description

ইসরায়েল, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েলের চিন্তার কিছু নেই। আমি ইসরায়েলের দেখভাল করব। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ভালো করছে এবং প্রয়োজন হলে ওয়াশিংটন আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে সহায়তা করতে এটা করছি। ইসরায়েলকে সহায়তা করতে করছি। নিজেদের সুরক্ষার জন্যও করছি’। তার দাবি, ইসরায়েলকে ধ্বংস করার পর ইরান মধ্যপ্রাচ্যে হামলা চালাত এবং এরপর ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরকে টার্গেট করত।

 

এর আগে তেহরানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ায় ইসরায়েলিদের আশ্বস্ত করেন ট্রাম্প। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে তিনি বলেন, ‘ইসরায়েলের চিন্তার কিছু নেই। জানেন কেন? কারণ আমি প্রেসিডেন্ট এবং আমি ইসরায়েলের দেখভাল করব।’

 

 

প্রায় এক মাসের বিরতির পর নতুন করে সংঘাত শুরু হওয়ার মধ্যেই ট্রাম্প এসব মন্তব্য করেন। এর আগে সপ্তাহান্তে ইরানের লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

 

 

ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে ট্রাম্পের বক্তব্য তার দীর্ঘদিনের অবস্থানেরই প্রতিফলন। তিনি ইসরায়েলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সমর্থনকে শুধু দুই দেশের প্রচলিত জোটের বিষয় হিসেবে নয়, বরং নিজের ব্যক্তিগত অঙ্গীকার হিসেবেই তুলে ধরেছেন।

 

ট্রাম্প বারবার বলেছেন, ‘আমি না থাকলে ইসরায়েল থাকত না।’

 

 

এদিকে বুধবার ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ‘যেকোনও সময়’ আবারও ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘নিয়ন্ত্রণ রয়েছে এবং আমরা নিয়ন্ত্রণ করছি’। বড় ধরনের সমস্যায় না পড়েই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেলবাহী ট্যাংকার পার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

 

 

ট্রাম্প বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোনও সমস্যা ছাড়াই এটা করছি। মাঝে মাঝে তারা একটি ড্রোন ছোড়ে এবং আমরা সেটি ভূপাতিত করি। তবে আমাদের নিয়ন্ত্রণ খুবই শক্তিশালী।’