Image description
নেপালের ভয়াবহ বন্যায় একের পর এক বাড়িঘর ভেসে গেছে। কোথাও স্বজন হারানোর শোক, কোথাও নিখোঁজদের অপেক্ষা। এই ধ্বংসস্তূপের মধ্যেই হৃদয় ছুঁয়ে গেছে একটি কুকুরের দৃশ্য। বাড়ি হারিয়েও পুরোনো ঠিকানা ছাড়ছে না সে। ধ্বংস হয়ে যাওয়া ঘরের জায়গাতেই বসে অপেক্ষা করছে, যেন আপনজনেরা ফিরে আসবে।
 
সম্প্রতি নেপালের নুওয়াকোট জেলার ত্রিশূলি বাজারে এই কুকুরটিকে দেখা যায়। গত সপ্তাহের ভয়াবহ বন্যায় সেখানে পাশাপাশি চারটি বাড়ি ভেসে যায়। কিন্তু কালো-সাদা রঙের কলার পরা কুকুরটি সেই জায়গা ছেড়ে যায়নি। উদ্ধারকর্মীরা মাটি, কাঠ ও অন্যান্য ধ্বংসাবশেষ সরানোর কাজ করলেও সে বারবার ফিরে যাচ্ছে সেই জায়গায়, যেখানে একসময় বাড়ির প্রবেশপথ ছিল।
 
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, কুকুরটির মালিক কে ছিলেন, কিংবা চারটি বাড়ির কোনটি তার নিজের বাড়ি ছিল—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার গলায় থাকা কলার দেখে স্থানীয়দের ধারণা, এটি পোষা কুকুর। মানুষের উপস্থিতিতেও সে খুব একটা সাড়া দিচ্ছে না, এমনকি লেজও নাড়ছে না।
 
ত্রাণকর্মী বিক্রম থাপা জানান, প্রথমদিকে তারা বিস্কুট ও বিভিন্নভাবে ডাকাডাকি করে কুকুরটিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো কিছুতেই সে সাড়া দেয়নি। ভারী যন্ত্রপাতি দিয়ে আশপাশের ধ্বংসাবশেষ সরানোর কাজ চললেও কুকুরটি একই জায়গায় বসে থাকছে।
 
পরে প্রাণী উদ্ধারকর্মীরা কুকুরটিকে জোর করে সরানোর চেষ্টা বন্ধ করে দেন। বরং কয়েক ঘণ্টা পরপর তার জন্য খাবার ও পানি রেখে যাচ্ছেন। স্থানীয় স্বেচ্ছাসেবী রিটা গুরুং জানান, কুকুরটি আশপাশে লোকজন ও যানবাহনের ভিড় কমলে খাবার থেকে সামান্য অংশ খাচ্ছে।
 
স্থানীয় বাসিন্দা মায়া অধিকারীর ভাষ্য, বন্যার সময় এলাকার বেশির ভাগ কুকুর উঁচু জায়গায় চলে গেলেও এই কুকুরটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির কাছেই থেকে গেছে। তার ধারণা, কুকুরটি জায়গাটিকে এখনো নিজের বাড়ি ও পরিবারের উঠান হিসেবেই মনে করছে।
 
এদিকে নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ধ্বংসস্তূপের মধ্যে একটি প্রাণীর এভাবে পুরোনো ঠিকানা আঁকড়ে থাকার দৃশ্য মানুষের মনে গভীর আবেগ তৈরি করেছে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমেও কুকুরটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ এটিকে মালিকের প্রতি বিশ্বস্ততার প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, পরিচিত পরিবেশ ও পরিবারের সদস্যদের হারিয়ে কুকুরটি স্বাভাবিক আচরণই করছে। তবে মালিক বা পরিবারের সদস্যদের কী হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
বাড়ি নেই, চারপাশে শুধু কাদা আর ধ্বংসস্তূপ। তবু সেই পুরোনো জায়গাতেই বসে আছে কুকুরটি। হয়তো সে জানে না কী ঘটেছে—শুধু জানে, এটাই তার ঘর। আর সেই অপেক্ষার দৃশ্যই ভয়াবহ বন্যার ধ্বংসযজ্ঞের মাঝে হয়ে উঠেছে এক হৃদয়বিদারক গল্প।