Image description

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি শিশু ও কিশোর-কিশোরী নিহত হওয়ার ঘটনা বাড়ছে। ইসরায়েলি মানবাধিকার সংগঠন বি’তসেলেমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ২৩৫ জন ফিলিস্তিনি শিশু ও কিশোর-কিশোরী নিহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস ইসরায়েলে বড় ধরনের হামলা চালানোর পর থেকেই ওই সংঘাত শুরু হয়।

এদিকে, ফিলিস্তিনি সরকারের একটি প্রতিষ্ঠান ‘কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন’ একই সময়ে নিহতের সংখ্যা ২৫০ জন বলে জানিয়েছে।

বি’তসেলেমের তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭ বছরে ইসরায়েলি বাহিনীর হাতে প্রতি মাসে গড়ে প্রায় একজন ফিলিস্তিনি শিশু বা কিশোর নিহত হয়েছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে একই সংগঠনের হিসাব অনুযায়ী প্রতি মাসে নিহতের গড় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭ জনে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, গত বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৫৪ ফিলিস্তিনি শিশু ও কিশোর-কিশোরীর মধ্যে সবচেয়ে ছোটটির বয়স ছিল মাত্র দুই বছর। নিহতদের বেশিরভাগের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে ছিল।

ইসরায়েলি বাহিনী যখন পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনি তরুণদের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন তারা এসব শিশু-কিশোরকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে গুলি করে।

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আভি ব্লুথ ২০২৬ সালের শুরুতে জানান, ২০২৫ সালে পাথর নিক্ষেপের ঘটনায় সেনাবাহিনী ৪২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তবে নিহতদের মধ্যে কতজন অপ্রাপ্তবয়স্ক, তা তিনি জানাননি।