Image description

ক্লাসে ব্যাপক হট্টগোল, চিৎকার। বাচ্চা-কাচ্চাদের থামাতে অভিনব পন্থা অবলম্বন করলেন তরুণী শিক্ষিকা। ক্যামেরাবন্দিও করে রাখলেন তাঁর সে পন্থা। মন ভালো করা সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তবে কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে ভিডিও, তা স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সুন্দরী ও মিষ্টি স্বভাবের তরুণী শিক্ষিকা অভিনব উপায়ে ক্লাসে শিশুদের শান্ত করছেন। সাধারণত হইচই করা শিশুদের বকাঝকা করে বা ডেস্কে আঘাত করে চুপ করানো হয়। কিন্তু এ শিক্ষিকা কোনও রকম রাগ ছাড়াই এমনভাবে শিশুদের শান্ত করলেন যে, তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়া। 

ভিডিওতে দেখা গেছে, ক্লাসরুমে শিশুরা তখনও গল্পগুজব বা হইচই করছে। এরপর শিক্ষিকা হাসিমুখে একটু উঁচু স্বরে বললেন, ‘ক্লাস..।’ জবাবে সব শিশুও চিৎকার করে বলে ওঠে, ‘ক্লাস...।’ এরপর শিক্ষিকা তাঁর কণ্ঠস্বর কিছুটা নামিয়ে আবার বললেন, ‘ক্লাস...।’ শিশুরা সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝে একই সুরে বলল, ‘ক্লাস...।’ শিক্ষিকা যতই তাঁর কণ্ঠস্বর নামাতে থাকলেন, শিশুরাও তাঁকে অনুকরণ করতে লাগল। 

এরপর শিক্ষিকা তুড়ি মারতেই শান্ত হয়ে যায় পুরো ক্লাস। ধীরে ধীরে কণ্ঠস্বর নামিয়ে শিক্ষিকা শেষমেশ খুব নিচু স্বরে ফিসফিস করে বললেন ‘ক্লাস’, আর শিশুরাও ঠিক একই ভাবে নিচু স্বরে তা পুনরাবৃত্তি করে। সঙ্গে সঙ্গে শিক্ষিকার মুখে ফুটে উঠল এক মিষ্টি হাসি। আর পুরো ক্লাসে নেমে এল পিনপতন নিস্তব্ধতা। 

সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। শিশুদের বকাঝকা না করে তাদের শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত করার কৌশল নজর কেড়েছে সবার। জনপ্রিয়তা পেয়েছেন শিক্ষিকাও।ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টিচারথডায়ারিজ়১০’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গেছে। 

ভিডিওটি দেখে অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘ইশ! আমাদেরও যদি এমন এক জন শিক্ষিকা থাকতেন।’ অন্য এক জন আবার লিখেছেন, ‘আমাদের সময়ে লাঠি দেখলেই চুপ করে যেতাম।’ খবর: আনন্দবাজার।