যুদ্ধবিরতির মাঝেই গাজার মধ্যাঞ্চলে এক হামাস যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। সামরিক বাহিনীটির দাবি, রাতভর চালানো হামলায় হামাসের ওই সদস্য নিহত হয়েছেন।
আইডিএফের দাবি, দেইর আল-বালাহ এলাকায় চালানো ওই বিমান হামলায় হামাসের অভিজাত নুখবা বাহিনীর সদস্য মোহাম্মদ আবদ আল-নাসের জাবর আবু আসাদ নিহত হয়েছেন। আবু আসাদ ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন বলে জানিয়েছে আইডিএফ।
আইডিএফ আরো জানায়, একই হামলায় আরও এক হামাস সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনিও ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে প্রবেশ করেছিলেন বলে দাবি করেছে সেনাবাহিনী। তবে ওই হামলা থেকে তিনি বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধবিরতির মধ্যে এই হামলার ন্যায্যতা দিয়ে আইডিএফ বলেছে, ওই দুই সদস্য ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিলেন এবং হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিলেন। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা ‘পদ্ধতিগতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন’ করছিলেন।
আইডিএফের ভাষ্য, ‘হুমকি দূর করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।’
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরাইল