বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আন্দারলেখট এলাকায় একটি পুলিশ স্টেশনে গুলি চালিয়েছে দুই মুখোশধারী। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনায় কেউ আহত হয়নি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ডেমোস্থেনাস্ত্রাটের পুলিশ স্টেশনের সামনে আসে দুই সন্দেহভাজন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাদের গতিবিধি ধরা পড়ে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একজন সন্দেহভাজন একে-৪৭ ধরনের একটি অস্ত্র দিয়ে পুলিশ স্টেশন লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। অপরজন পুরো হামলার ঘটনা ভিডিও ধারণ করে।
ব্রাসেলস সাউথ পুলিশ জোন জানিয়েছে, রাত প্রায় ১১টা ৪০ মিনিটে পুলিশ স্টেশনে গুলির শব্দ শোনা যাওয়ার খবর পায় তারা। হামলার পর ভবনের বাইরের অংশে গুলির আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়। বিশেষ করে স্টেশনের প্রবেশপথ ও কাচের দরজাগুলো লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
কালো পোশাক ও মুখোশ পরা দুই হামলাকারী একটি শেয়ার করা বৈদ্যুতিক স্কুটারে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলার সময় পুলিশ স্টেশনটি সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। তবে আশপাশের এলাকার দায়িত্বপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তা ভেতরে অবস্থান করছিলেন। তাদের কেউ আহত হননি।
ঘটনার পর তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর কার্যালয় একজন ব্যালিস্টিক বিশেষজ্ঞ নিয়োগ করেছে। পাশাপাশি ফেডারেল জুডিসিয়াল পুলিশের পরীক্ষাগার ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও পরীক্ষা করছে।