Image description

দেশটিভির টকশোতে অতিথি নির্বাচনের ক্ষেত্রে ভিন্নমতের কাউকে আনা হয়নি। আলোচনা এবং উপস্থাপনার ক্ষেত্রেও দেখা যায় একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তির প্রশংসা। এটি যেন টকশোর নামে 'দলীয় প্রচারণামূলক অনুষ্ঠান'। সম্প্রতি এমনটাই ঘটেছে দেশ টিভির নিয়মিত আয়োজন 'দেশ সাম্প্রতিক' টকশোতে।

 

‘পৌরসভা থেকে বঙ্গভবন’ শিরোনামে অনুষ্ঠিত এই টকশোতে আলোচক হিসেবে ছিলেন বিএনপির দুই জন সংসদ সদস্য আজিজুল বারি হেলাল এবং আখতারুজ্জামান বাচ্চু। যদিও নিয়মানুযায়ী, সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনায় ভিন্নমত ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির উপস্থাপন অপরিহার্য।

 

টকশোটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে মূলত বিএনপি ও তার দলের নেতা বিশেষ করে দলটির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আলোচনা করা হয়।

 

টকশোতে কোনো নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক বা ভিন্নমতের কাউকে উপস্থিত থাকতে দেখা যায়নি। যারফলে এটি একটি 'একপাক্ষিক রাজনৈতিক বয়ানে' পরিণত হয়।

 

পুরো টকশোটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি নিরপেক্ষ আলোচার পরিবর্তে একটি 'উদযাপনমূলক আবহ' তৈরি হয়। সাধারণত, কারো গঠনমূলক সমালোচনা না করে শুধুমাত্র প্রসংশাকে গুরুত্ব দেওয়াটা গণমাধ্যমের মৌলিক দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করে।

 

এছাড়া, টকশোতে উপস্থাপকের ভূমিকায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়নি। প্রশ্নোত্তরে উপস্থাপক দ্বিমত পোষণ করা বা কাউন্টার প্রশ্ন করেননি। তিনি মূলত অতিথিদের একপাক্ষিক মতামতকেই প্রাধান্য দিয়েছেন। এরফলে টকশোটি একটি নিরপেক্ষ আলোচনা না হয়ে অনেকটা 'দলীয় প্রচারণামূলক অনুষ্ঠান'-এ রূপ নেয়।