ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ তেহরান ও বাগদাদকে দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজ নিজ দেশের মুদ্রা ব্যবহারের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে মার্কিন ডলারের ওপর ‘আঘাত হানা’ সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।
বাগদাদে ইরানি দূতাবাসে বৃহস্পতিবার ইরান ও ইরাকের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার ইরানি পার্লামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আইসিএএনএ বৈঠকের বিস্তারিত প্রকাশ করে।
গালিবাফ বলেছেন, ‘আজ আমরা নিজেদের জাতীয় মুদ্রায় বাণিজ্য করতে পারি এবং মার্কিন ডলারের ওপর আঘাত হানতে পারি।’
তিনি দাবি করেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে। তবে ইরান ও ইরাক উদীয়মান সুযোগগুলো যথেষ্ট কাজে লাগাতে পারেনি এবং এখনো ৫০ বছর আগের পদ্ধতিতে বাণিজ্য পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার ইরাক সফর শুরু করা গালিবাফ বলেছেন, ওয়াশিংটন ও ইসরায়েল বুঝতে পেরেছে, প্রচলিত সামরিক যুদ্ধের মাধ্যমে ইরান ও ইরাককে পরাস্ত করা সম্ভব নয়। এ কারণে তারা এখন ‘মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক যুদ্ধে’ নেমেছে।
ইরান যুদ্ধ চায়—এমন দাবি প্রত্যাখ্যান করে গালিবাফ বলেছেন, যারা সংঘাতের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তারা শুধু যুদ্ধের কথা বলা ব্যক্তিদের চেয়ে শান্তির মূল্য বেশি বোঝেন।
তিনি আরও বলেছেন, সামরিক প্রস্তুতির সমর্থন থাকলেই কেবল কূটনীতি কার্যকর হতে পারে।
গালিবাফের ভাষ্য, ‘আমরা বিশ্বাস করি, যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেই কূটনীতির মূল্য থাকে এবং তা এগিয়ে যায়। আমরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত না থাকি, তাহলে কূটনীতি ব্যবহার করলেও কেউ আমাদের সাড়া দেবে না।’
সূত্র: মিডলইস্ট মনিটর