যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক রাডার স্থাপনার কাছে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) অ্যাঙ্কোরেজ থেকে কেপ নিউয়েনহ্যামে বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, অ্যাঙ্কোরেজ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ছেড়ে আসা ‘সেসনা ৪৪১’ মডেলের বিমানে ২ পাইলট এবং ৬ যাত্রী ছিলেন। সামরিক উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে সবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিমানে থাকা আরোহী ও পাইলটদের স্বজনদের খবর দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে নিহতদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে আলাস্কান কমান্ড।
এনটিএসবি এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, বিমানটি পরিচালনা করছিল অ্যাঙ্কোরেজভিত্তিক এয়ার চার্টার কোম্পানি ‘সিকিউরিটি এভিয়েশন’।
এফএএ-র মানচিত্র অনুযায়ী, কেপ নিউয়েনহ্যাম সামরিক ঘাঁটির প্রায় ৪ হাজার ফুট দীর্ঘ রানওয়েটি ২ হাজার ৩০০ ফুটেরও বেশি উঁচু পাহাড়ি ঢালে অবস্থিত। শুধু সামরিক বাহিনী এবং অনুমোদিত চার্টার বিমানের জন্য এই রানওয়ে ব্যবহৃত হয়।
দুর্ঘটনাকবলিত বিমানটিকে একটি ‘বেসামরিক চুক্তিবদ্ধ বিমান’ হিসেবে উল্লেখ করা হলেও তাদের মিশনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। কেপ নিউয়েনহ্যাম রাডার সাইটটি প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনীর আঞ্চলিক সহায়তা কেন্দ্র পরিচালনা করে।
তথ্যসূত্র: সিএনএন