গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির পুরো দেখভাল ও নজরদারির দায়িত্ব নিজেদের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রস্তাব এনেছে ইরান। দেশটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই এই নতুন নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
পরিকল্পনাটি কার্যকর হলে এই পানিপথে জাহাজ চলাচল পর্যবেক্ষণ এবং তল্লাশি চালানোর একক ক্ষমতা থাকবে কেবল ইরানের হাতে। দেশটির সশস্ত্র বাহিনীই পুরো বিষয়টি সরাসরি তদারকি করবে।
ইব্রাহিম রেজাই স্পষ্ট জানান, যেসব জাহাজ ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে, শত্রুভাবাপন্ন আচরণ করবে কিংবা গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকবে—সেগুলোকে এই প্রণালিতে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে এই পথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পারাপারের মাশুল বা ফি নেওয়ার নিয়মও সেনাবাহিনী ঠিক করবে।
তিনি আরও হুঁশিয়ারি দেন, পৃথিবীর কোথাও যদি ইরানের কোনো ক্ষতি করার চেষ্টা করা হয়, তবে হরমুজ প্রণালি ব্যবহার করে সংশ্লিষ্ট দেশের ওপর পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। সে ক্ষেত্রে দায়ীদের ওপর বাড়তি কর বসানো কিংবা তাদের জাহাজ ও সম্পদ আটকে রাখার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
সূত্র: আল-জাজিরা।