তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হননি। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১২ আগস্ট) তুরস্কের ইয়ালোভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে।
ইয়ালোভা ইস্তাম্বুলের দক্ষিণ-পূর্বে মারমারা সাগরের তীরে অবস্থিত।
তুরস্কের সংবাদ সংস্থা আইএইচএ প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি বিমান খুব নিচু দিয়ে আকাশে উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সেটি গাছের আড়ালে চলে যায়। এরপর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
বেসরকারি সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, একটি বিমানঘাঁটির কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে উদ্ধারকারী দলের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
তুরস্কে এর আগেও এফ-১৬ যুদ্ধবিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রায় ছয় মাস আগে দেশটির আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। বুলগেরিয়া সীমান্তের কাছে জরুরি প্রতিক্রিয়া মিশনের সময় উড্ডয়নের কিছুক্ষণ পর ওই দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া গত নভেম্বরে তুরস্কের একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান জর্জিয়ায় বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হন। বিমানটি আজারবাইজান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছিল। এরপর তুরস্ক সাময়িকভাবে তাদের সি-১৩০ পরিবহন বিমানের উড্ডয়ন বন্ধ করে দেয়।