Image description

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি খামেনির সঙ্গে প্রায় সাত ঘণ্টার বৈঠকের পর তার শারীরিক অবস্থা নিয়ে এ মন্তব্য করেন তিনি।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে সোমবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। পেজেশকিয়ান জানান, বৈঠকে ইরানের চলমান বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বৈঠকে তিনি নিজের বিভিন্ন উদ্বেগ ও সমস্যার কথা সর্বোচ্চ নেতার কাছে তুলে ধরেন। খামেনি স্বাভাবিকভাবেই তার বক্তব্য শুনেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানান পেজেশকিয়ান।

এর আগে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খামেনি ও পেজেশকিয়ানের মধ্যে প্রায় সাত ঘণ্টা বৈঠক হয়। পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, দেশের ঐক্য ও সংহতি বজায় রাখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সর্বোচ্চ নেতা।

বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান, কর্মসংস্থান ও আবাসন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান যে সমস্যার মুখোমুখি হচ্ছে, সেসব বিষয়ও উঠে আসে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করলে দুই দেশের উত্তেজনা আরও বেড়ে যায়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।

পরবর্তীতে এপ্রিল মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর জুনে সামরিক সংঘাতের অবসান ও দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে দুই দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। তবে গত মাসে সেই সমঝোতা ভেস্তে গেলে দুই দেশের মধ্যে আবারও সংঘাত শুরু হয়।

প্রায় দুই সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলার পর সংঘাত বন্ধে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে হামলা বন্ধের নির্দেশ দেন।

এমন পরিস্থিতিতে খামেনির শারীরিক সুস্থতা নিয়ে পেজেশকিয়ানের প্রকাশ্য বক্তব্য ইরানের নেতৃত্ব ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে চলমান জল্পনার মধ্যে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শীর্ষনিউজ