ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সালফিত প্রদেশের মারদা শহরে ৫৫০ একর ফিলিস্তিনি জমি দখলে নিয়েছে ইসরাইল। সামরিক কাজে ব্যবহারের কথা উল্লেখ করে এসব জমি দখলের জন্য নতুন সামরিক আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বসতি স্থাপন ও প্রাচীর-প্রতিরোধ বিষয়ক কমিশন।
সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে কমিশন এ তথ্য জানায়। খবর আনাদোলুর।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলি কর্তৃপক্ষ মারদা শহরের দুই হাজার ২২৪ দুনাম বা প্রায় ৫৫০ একর জমি দখলের নির্দেশ দিয়েছে। সামরিক প্রয়োজনের কথা বলে ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর অংশ হিসেবে এ ধরনের আদেশ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে কমিশন।
নতুন আদেশের আওতায় ওয়াদি কাসেম ও কাফিফ আল-আবহার এলাকার জমিও রয়েছে। আদেশে নির্দিষ্ট এলাকার নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে জমির নিয়ন্ত্রণ ইসরাইলি সামরিক কমান্ডারের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।
কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, সামরিক আদেশের সঙ্গে থাকা মানচিত্রে চিহ্নিত জমিগুলো ৫০৫ নম্বর সড়কের দক্ষিণে অবস্থিত। স্থানীয় একটি সড়কের সঙ্গে ৫০৫ নম্বর সড়কের সংযোগস্থলের কাছাকাছি এই এলাকার অবস্থান। একই সঙ্গে অবৈধ আরিয়েল বসতির উত্তরের দিকে যাওয়া একটি সড়কের কাছেও রয়েছে জমিগুলো। মারদা ও জামাইনের মাঝামাঝি এলাকায় এসব জমি অবস্থিত।
ফিলিস্তিনি কমিশনের মতে, এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ পর্যবেক্ষণ করা যায় এবং সড়কটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব।
জমি দখলের ঘোষিত উদ্দেশ্য হিসেবে সেখানে ‘একটি টাওয়ার বা যোগাযোগ স্থাপনা’ নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে।
কমিশন অভিযোগ করেছে, ফিলিস্তিনিদের জমি সাময়িকভাবে দখল এবং অবৈধ ইসরাইলি বসতিগুলোর আশপাশের সড়ক ও বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ বাড়াতে সামরিক প্রয়োজনে জমি দখলের আদেশ ক্রমেই বেশি ব্যবহার করা হচ্ছে।
গত ৩ আগস্ট দেয়া কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, শুধু জুলাই মাসেই ইসরাইলি কর্তৃপক্ষ ৩৩টি সামরিক আদেশ জারি করেছে। এর মধ্যে ৩১টি আদেশের মাধ্যমে ফিলিস্তিনিদের দুই লাখ ৫ হাজার ৩২৪ একর জমি দখলের উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করা হয়।
কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে প্রায় সাত লাখ ৫০ হাজার ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করেন। এসব এলাকায় ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি আউটপোস্ট রয়েছে।
কমিশনের আরও দাবি, ইসরাইলি সামরিক বাহিনীর সুরক্ষায় এসব বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে তাদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করছেন।
শীর্ষনিউজ