Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থবির হয়ে থাকা আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এ লক্ষ্যে দেশটি ইরানের শীর্ষ আলোচকদের ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছে। 

গতকাল সোমবার রাতে টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ইসলামাবাদে আসার আহ্বান জানান পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। তিনি আরাগচিকে ‘যত দ্রুত সম্ভব’ পাকিস্তান সফরের অনুরোধ জানান।

একই সঙ্গে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকও ইরানের প্রধান আলোচক বাকের গালিবাফকে চলতি সপ্তাহে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আনাদোলু নিউজের এক সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এই আমন্ত্রণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সম্ভাব্য বৈঠক কবে হতে পারে, সে বিষয়েও কিছু জানা যায়নি।

ইরান বারবার বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

আনাদোলুর সূত্র জানিয়েছে, সম্ভাব্য বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা বর্তমানে উভয় পক্ষের সঙ্গে কাজ করছেন।

এর আগে গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইসলামাবাদ। জুনে দুই পক্ষের মধ্যে যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল, সেটিও পাকিস্তানের মধ্যস্থতায় হয়েছিল। তবে সেই সমঝোতা শেষ পর্যন্ত কার্যকর হয়নি।