Image description

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। রোববার (২৬ জুলাই) লন্ডনের ট্রাফালগার স্কয়ারে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) আয়োজিত সংহতি সমাবেশে অংশ নেন তিনি।

সমাবেশে গ্রেটা বলেন, ‘ভারতের শিক্ষার্থী আন্দোলন আমাদের সবাইকে গর্বিত করেছে। তারা আমাদের আশা দেখিয়েছে। মানুষ যখন একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে, তখন কী অর্জন করা সম্ভব, সেটাই তারা দেখিয়েছে। জনগণের শক্তির প্রকৃত অর্থ তারা তুলে ধরেছে।’

তিনি আরও বলেন, ‘ন্যায়বিচারের জন্য ভারতীয় শিক্ষার্থীদের সংগ্রাম এবং গণতন্ত্র ও মুক্তির বৃহত্তর লড়াই আমাদেরও লড়াই। তাই এখন আমাদের সবাইকে ভারতের সঙ্গে সংহতি জানিয়ে একসঙ্গে দাঁড়াতে হবে।’

গত জুন থেকে সিজেপির নেতৃত্বে ভারতে শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। এ আন্দোলনের মূল ইস্যু ছিল জাতীয় যোগ্যতা ও ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগ। পরে তা গণতন্ত্র, জবাবদিহি ও ন্যায়বিচারের দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চাপে পড়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। একপর্যায়ে গত ২৫ জুলাই পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশ্নফাঁসের দায় স্বীকার করে দায়িত্ব ছাড়লেও আন্দোলনকারীদের ‘দেশবিরোধী’ আখ্যা দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

এরপর আন্দোলনকারীদের সঙ্গে সরকারের একাধিক দফায় আলোচনা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সর্বোচ্চ ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়াসহ কয়েকটি বিষয়ে সমঝোতা হয়। এসব আশ্বাসের পর আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে সিজেপি।