Image description

যশোর-৪ আসনের এমপি ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে উঠেছে এক শিশুকে মারধরের অভিযোগ। ক্ষুব্ধ স্থানীয়রা এর বিচার চেয়ে এমপির যশোর শহরের বাড়ি ঘিরে বিক্ষোভ করছেন। ঘটনার প্রতিবাদে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধও করেছেন তারা।

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় আজ সকাল ১০টার দিকে এমপি রসুলের বাড়ি ঘেরাও করেন কয়েকশ মানুষ। এমপির ভাষ্য, মেয়ের ‘মানসিক সমস্যা’ আছে। বাড়ির সামনে শিশুদের ‘হট্টগোলের প্রতিবাদের’ জেরে ঘটেছে এই ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ মাদ্রাসা ও মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলছে বিরোধ। এর জেরে আজ মঙ্গলবার সকালে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী ও এক অভিভাবকের ওপর চড়াও হন এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এমপির বাড়ির সামনে অবস্থান নেন। বাড়ির দিকে ছোড়া হয় ইট-পাটকেলও। 

খবর পেয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি জানালেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত এমপির বাড়ির সামনে ও মহাসড়কে স্থানীয়রা অবস্থান নিয়ে রেখেছেন।