Image description

মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ইয়েমেনের হুথি গোষ্ঠী এবার সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানবু তেল রপ্তানি কেন্দ্রে অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সোমবার দাবি করেছে, তারা সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুর সঙ্গে সংযুক্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের কয়েকটি সংবেদনশীল স্থাপনায় হামলা চালিয়েছে। এ খবর জানিয়েছে রয়টার্স।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

হামলার দাবির বিষয়ে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইরানের হামলার কারণে হরমুজ প্রণালিতে  জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর সৌদি আরব পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পাঠানো শুরু করে। সেখান থেকেই লোহিত সাগর হয়ে তেল রপ্তানি করা হয়।

গত সপ্তাহে হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের তেলশিল্প অবরোধের ঘোষণা দেয়। এতে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা তৈরি হয় এবং তেলের দাম আরও বেড়ে যায়।

এর জবাবে ইয়েমেনের হোদেইদা বন্দরে হুথিদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর কথা জানায় সৌদি আরব। দেশটি বলেছে, সমুদ্রপথে জাহাজ চলাচল সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।