Image description

ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ’র যোদ্ধাদের দৃঢ়তাকে ‘অটল পর্বত’ হিসেবে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি আরও বলেন, লেবাননের যোদ্ধাদের রক্ষা করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি কৌশলগত নীতি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের যেকোনো সমঝোতার পূর্বশর্ত হিসেবে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সব ধরনের হামলা নিঃশর্তভাবে বন্ধের দাবিও জানান তিনি।

হিজবুল্লাহর মহাসচিব ও সংগঠনের যোদ্ধাদের পাঠানো আনুগত্যের চিঠির জবাবে এসব কথা উল্লেখ করেন খামেনি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত তার চিঠিতে বলা হয়, ‘এখন লেবাননের হিজবুল্লাহ জিহাদি সংগঠনগুলোর অগ্রভাগে থেকে ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং তাদের সমর্থকদের হিংস্র আগ্রাসনের বিরুদ্ধে অটল পর্বতের মতো দাঁড়িয়ে আছে। তাদের এই অবিচল অবস্থান বিশ্বের স্বাধীন জাতিগুলোর জন্য অনুপ্রেরণার বার্তায় পরিণত হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই নিপীড়িত অথচ শক্তিশালী যোদ্ধাদের প্রতিরক্ষা করা ইরানের কৌশলগত নীতি।’

খামেনি আরও তুলে ধরেন, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির বিরুদ্ধে ইসরায়েলের সব ধরনের আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করাই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো সমঝোতার প্রথম শর্ত।

এ ছাড়া হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে দক্ষিণ লেবাননের জনগণের ভূমিকারও প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা।