Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাতের আঁধারে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। পুড়িয়ে দেওয়া হয়েছে দুটি মসজিদ ও কৃষিজমি। ভাংচুর করা হয়েছে সাধারণ মানুষের গাড়ি। রোববার (২৬ জুলাই) ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন কুসরা গ্রামের একটি নির্মাণাধীন মসজিদে আগুন দেয় অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। মসজিদের দেয়ালে স্প্রে করে লেখা হয়েছে ‘প্রতিশোধ’। কুর গ্রামেও একই কায়দায় আরেকটি মসজিদে আগুন দেওয়া হয়। দেয়ালে অবমাননাকর স্লোগান লিখে দেয় হামলাকারীরা। এছাড়া, গাড়ি ভাংচুরের পাশাপাশি মূল্যবান জিনিসপত্রও লুট করা হয়।

সম্প্রতি তাল গ্রামের কাছে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হন। এরপর থেকেই পশ্চিম তীরে সহিংসতার মাত্রা বহুগুণ বেড়ে গেছে। ইসরায়েলি উগ্রপন্থিরা এই হামলাগুলোতে মদত দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সাররা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নৃশংসতার শিকার হয়েছেন হানান তুরাবি। তার বাড়িসহ মোট ছয়টি ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে চার সন্তানকে নিয়ে কোনোমতে পালিয়ে যান তিনি। হামলাকারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হয়েছেন বহু সাধারণ ফিলিস্তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে ইসরায়েলি সেনাবাহিনী। সপ্তাহান্তে অন্তত ১৩০ জনকে আটক করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, উগ্র বসতি স্থাপনকারীদের বেপরোয়া কর্মকাণ্ডই সংকট গভীর করছে। আন্তর্জাতিক মহলে এর তীব্র নিন্দা জানানো হলেও থামছে না সংঘাত।

সূত্র: বিবিসি